চলচ্চিত্রের একজন ব্যস্ত অভিনেতা প্রায় দশ বছর পর এফডিসিতে প্রবেশ করবেন। বিষয়টা ভাবতেই যেন অবাক লাগে, কিন্তু অবাক হলেও সত্য। প্রায় দশ পর আগামী সপ্তাহ দুয়েকের মধ্যেই এফডিসি দর্শনে যাবেন এ দেশের এক সময়ের শক্তিশালী ও জনপ্রিয় অভিনেতা আনোয়ার হোসেন। অন্য কোনো কারণ নয়, শুধুমাত্র শারীরিক অসুস্থতার কারণেই দশটি বছর ধরে নিজের প্রিয়স্থান এফডিসিতে যাওয়া হয়নি তার। এখনও তিনি অনেকটা চিকিত্সাধীন, ডাক্তারের মতে এই বয়সে একজন মানুষের যতটুকু সুস্থ থাকা দরকার তার পুরোটাই প্রায় আছেন আনোয়ার হোসেন। তবুও আনোয়ার হোসেন ঠিকমতো কথা বলতে পারেন না, খুব কষ্ট হয় তার। প্রায়ই নিজের পরিবারকে বলে থাকেন এফডিসিতে আসার কথা। এবার তার সহধর্মিণী আগামী সপ্তাহ দুয়েকের মধ্যে এফডিসিতে নিয়ে আসবেন তাকে। তার সহধর্মিণী জানান, এফডিসিই হচ্ছে আনোয়ার হোসেনের একমাত্র প্রিয় স্থান। যেখানে প্রায়ই আসার ইচ্ছে প্রকাশ করেন।
