পাকিস্তানে ড্রোন হামলা

তালেবানের দ্বিতীয় শীর্ষ নেতাসহ নিহত ৭

আপডেট : ২৯ মে ২০১৩, ২০:৩৫
পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানে বুধবার মার্কিন চালক-বিহীন বিমান (ড্রোন) হামলায় তালেবানের দ্বিতীয় শীর্ষ নেতা ওয়ালি উর রেহমানসহ ৭ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন তিন নিরাপত্তা কর্মকর্তা। পাকিস্তানে ১১ মে’র নির্বাচনে নওয়াজ শরীফের বিজয়ের পর চালানো প্রথমবারের মতো এ ড্রোন হামলার ঘটনা ঘটলো। রেহমান পাকিস্তানের তালেবান নেতা হাকিমুল্লাহ মেহসুদের উত্তরসূরি হওয়ার পথে ছিলেন। ডিসেম্বরে একথা জানিয়েছিল দক্ষিণ ওয়াজিরিস্তানের এক ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা। জঙ্গিদের বিরুদ্ধে লড়াইয়ে এ ড্রোন হামলা জঙ্গিদের জন্য একটি বড় ধাক্কা বলে বর্ণনা করেছেন এক নিরাপত্তা কর্মকর্তা। পাকিস্তানি তালেবান আফগান তালেবানের সঙ্গে জোটবদ্ধ একটি আলাদা দল। এটি তেহরিক-ই-তালেবান পাকিস্তান নামে পরিচিত(টিটিপি)। দলটি পাকিস্তানের সামরিক বাহিনী এবং নাগরিকদের ওপর হামলা চালিয়ে আসছে। পাকিস্তানি তালেবানের মুখপাত্র ইহসানউল্লাহ ইহসান বলেছেন, দলটি ওয়ালি-উর রেহমানের মৃত্যুর খবর নিশ্চিত করে নি। পাকিস্তান সরকারও তার মৃত্যুখবর নিশ্চিত করেনি। তবে উত্তর ওয়াজিরিস্তানের আদিবাসীরা হামলার পর শুরু করা উদ্ধার অভিযানে ৭ টি মৃতদেহ পেয়েছে বলে জানিয়েছেন ওই এলাকার এক অধিবাসী।