যুক্তরাষ্ট্রের মেরিল্যাল্ড রাজ্যে রাসায়নিক পদার্থ বহনকারী একটি কার্গো ট্রেন একটি লরিকে আঘাত করে লাইনচ্যুত হয়ে পড়ে এবং বিস্ফোরণের ঘটনা ঘটে। দুর্ঘটনায় গুরুতর আহত লরির চালককে হাসপাতালে পাঠানো হয়েছে। যুক্তরাষ্ট্রে গত দুই সপ্তাহের মধ্যে এটি তৃতীয় বৃহত্তম ট্রেন দুর্ঘটনা।
জানা গেছে, স্থানীয় সময় দুপুর দুইটার কিছু আগে বাল্টিমোরের কাছে ট্রেনটি লাইনচ্যুত হয়। এরপর ট্রেনটিতে বিস্ফোরণের ঘটনা ঘটে এবং আগুন ধরে যায়। বাল্টিমোর কাউন্টির নির্বাহী কেভিন কামেনেটজ বলেন, ‘সংঘর্ষে ট্রেনটির ১৫টি বগি লাইনচ্যুত হয়ে পড়ে এবং প্রায় আধা মাইল দূর থেকে বিস্ফোরণের শক্তি টের পাওয়া যায়।’ যেখানে বিস্ফোরণটি ঘটেছে তার কাছাকাছি বেশ কয়েকটি বাড়ির জানালার কাঁচ ভেঙ্গে গেছে বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন।
সিএসএক্স কার্গো কোম্পানির একজন মুখপাত্র বলেন, ‘ট্রেনটিতে যুক্তরাষ্ট্রের পরিবহন বিভাগ কর্তৃক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত সোডিয়াম ক্লোরাইট বহন করা হচ্ছিল।’ যদিও বাল্টিমোর কাউন্টির অগ্নিনির্বাপণ বিভাগের প্রধান জন হোহম্যান রাসায়নিক বহনকারী বগিগুলোতে আগুন লাগেনি বলে নিশ্চিত করেছেন।
