একুশ শতকের তুর্কি প্রজন্মের উপযোগী বলে দাবি করা একটি হাদিস সংকলন প্রকাশ করতে যাচ্ছে তুরস্ক। আধুনিক জীবনযাপনে অভ্যস্ত তুর্কিরা বুঝতে পারবে এবং তাদের জীবনযাত্রার সঙ্গে খাপ খাওয়াতে পারবে এমন দাবি তুলে এই সংকলনে কয়েশ’ হাদিস অন্তর্ভুক্ত করা হয়েছে।
একশ’ ধর্মতাত্ত্বিক ছয় বছর ধরে কাজ করে প্রায় ১৭ হাজার হাদিসের মধ্যে তাদের বিবেচনায় সবেচেয়ে গুরুত্বপূর্ণ হাদিসগুলো বেছে নিয়েছেন বলে কর্তৃপক্ষ জানিয়েছে। বাছাই করা এই কয়েকশ’ হাদিস সাত খণ্ডের বিশ্বকোষ ধরনের একটি সঙ্কলনে স্থান পেয়েছে। সংকলনটির নাম রাখা হয়েছে “হাদিসের আলোকে ইসলাম”।
এ প্রসঙ্গে তুরস্কের রাষ্ট্রীয় ধর্ম সংক্রান্ত পরিষদের (দিয়ানেত) সহ-সভাপতি ও হাদিস প্রকল্পের পরিচালক মেহমেত ওজাফসার বলেন, “আমরা আর বিশ শতকে বসবাস করছি না। এ কারণেই বর্তমান সাংস্কৃতিক প্রেক্ষাপটে ইসলামী বিশ্বাসগুলো নিয়ে নতুনভাবে কাজ করা প্রয়োজনীয় হয়ে উঠেছে।”
প্রচলিত অন্যান্য হাদিস সংস্করণগুলো থেকে এটি আলাদা। এতে আধুনিক তুর্কিদের প্রেক্ষাপটের সঙ্গে সঙ্গতি রেখে হাদিসগুলো নির্বাচন করা হয়েছে এবং সেই ধারাবাহিকতা বজায় রেখেই এগুলোর ব্যাখ্যা করা হয়েছে বলে দাবি করছে দিয়ানেত। এতে হাদিসগুলোকে বিষয় অনুযায়ী বিভাগে বিন্যস্ত করা হয়েছে। এগুলোর শেষে সংক্ষিপ্ত পরিসরে ওই হাদিসে কি বলা হয়েছে তা ঐতিহাসিক প্রেক্ষাপটসহ তুলে ধরে বর্তমান পরিস্থিতিতে এগুলো কি অর্থ বহন করে তাও বর্ণনা করা হয়েছে।
