প্রতিদিন কাঁঠালে সয়লাব হয়ে যাচ্ছে উত্তর ফটিকছড়ির হেঁয়াকো বাজার। বাজারের আশপাশের কয়েকটি ইউনিয়ন পাহাড়ী টিলাবেষ্টিত হওয়ায় সেখানে প্রচুর পরিমাণ কাঁঠালের চাষ হয়। প্রতিবছর কাঁঠালের মৌসুমে উক্ত বাজারে বসে উত্তর চট্টগ্রামের সবচেয়ে বড় কাঁঠালের বাজার। প্রতিদিন ওই বাজার থেকে অন্তত ১৫/২০ ট্রাক কাঁঠাল বেপারীরা কিনে ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, নোয়াখালী, ফেনীসহ দেশের বিভিন্নস্থানে নিয়ে যায়। উপজেলার দাঁতমারা, নারায়ণহাট, বাগানবাজার প্রভৃতি ইউনিয়নের কাঁঠাল চাষিরা প্রতিদিন কাঁঠাল বিক্রি করতে বাজারে আসে। হেঁয়াকো এলাকার কাঁঠাল চাষি আকবর উদ্দিন, ছানাউল্লাহ্, কামাল উদ্দিন, সেলিম শেখ প্রমুখ কাঁঠাল চাষি জানান, এবছর সময় মত বৃষ্টিপাত না হওয়ায় কাঁঠালের ফলন অন্যান্য বছরের তুলনায় কম। তবে দাম ভালো হলেও স্থানীয় দালালদের তত্পরতায় প্রকৃত চাষিরা ন্যায্যমূল্য পাচ্ছে না বলে তারা মন্তব্য করেন। এসব বাজারে প্রায় সবই স্থানীয় জাতের কাঁঠাল। তারা বলেন, এই এলাকার কাঁঠাল বিদেশেও রপ্তানি করা হয়। কাঁঠাল বিক্রি করে প্রতিদিন এ বাজারে কয়েক লাখ টাকার ব্যবসা হয়। সচেতন মহলের মতে, কৃষি অফিস এসব এলাকার কাঁঠাল চাষিদের সহযোগিতা করলে উত্পাদন আরো বহুগুণ বৃদ্ধি পেত বলে মন্তব্য করেন। কাঁঠাল চাষিরা এ ব্যাপারে কৃষি অফিসের কোন লোকজনকে কখনো মাথা ঘামাতেও দেখেনি বলে জানান।
