শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করেছে ঠাকুরগাঁওয়ের আদিবাসী মেয়ে সূর্যমণি ও যশোরের অভয়নগরের আকাশ। দু’হাতের কব্জি হারিয়েও হার মানেনি কোটালীপাড়ার রতন মধু। শ্রুতি লেখকের মাধ্যমে পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৫ পেয়েছে সৈয়দপুরের আহনাফ তাহমিদ। অদম্য মেধাবী এসব মুখের খবর তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি ও সংবাদদাতারা।
ঠাকুরগাঁও
সংসারে নিত্য অভাব-অনটন লেগেই আছে। নেই আর দশটা মানুষের মতো শারীরিক সক্ষমতা। তবুও এসব প্রতিবন্ধকতা দমিয়ে রাখতে পারেনি সাঁওতাল সম্প্রদায়ের মেয়ে সূর্যমণি হেমরমের সফলতা। শারীরিক প্রতিবন্ধী সূর্যমণির একটি হাত নেই, অন্যটি অস্বাভাবিক। হাতের কনুইতে ঝুলে আছে তিনটি আঙ্গুল। এই তিন আঙ্গুল দিয়েই লিখে সে ঠাকুরগাঁও সদর উপজেলার নারগুন উচ্চ বিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৩ পেয়ে এসএসসি পাস করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছে। সূর্যমণি বাবা রাপি হেমরমের নিজস্ব কোনো জমি-জমা নেই। স্ত্রী-সন্তান নিয়ে অন্যের জায়গায় ঝুপড়ি ঘর তুলে বসবাস করেন। দিনমজুরের কাজ করে সংসার চালান তিনি।
অভয়নগর (যশোর)
এসসিসি পরীক্ষায় কৃতিত্বের স্বাক্ষর রেখে আকাশ প্রমাণ করেছেন সাফল্যের জন্য শারীরিক প্রতিবন্ধকতা কোন বাধাই নয়। ইচ্ছাশক্তিই মূল। ডান হাতে শক্তি পান না আকাশ। বাম হাত দিয়ে লিখে এসএসসি পরীক্ষায় ৪ দশমিক ৯৪ পেয়ে সকলকে তাঁক লাগিয়ে দিয়েছেন তিনি। ছাব্বির রহমান আকাশের পিতা ফসিয়ার রহমান নওয়াপাড়া মহাবিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষক। মা সাফিয়া বেগম গৃহিনী। জন্মের পর থেকেই শারীরিক প্রতিবন্ধকতা গ্রাস করে শিশু আকাশকে।
কোটালীপাড়া (গোপালগঞ্জ)
বিদ্যুত্ স্পর্শে দু’হাতের কব্জি হারিয়েও হার মানেনি কোটালীপাড়ার রতন মধু। দু’হাতের মধ্যে কলম রেখে মুখের সাহায্যে লিখে এ বছরের এসএসসি পরীক্ষায় অংশ রতন জিপিএ ২.৮১ পেয়েছে। পড়াশোনা চালিয়ে নিতে চায় রতন। কিন্তু তার পরিবারের পক্ষে পড়াশোনা চালিয়ে নেয়া সম্ভব নয়। উপজেলার শুয়াগ্রামের দিনমজুর নিখিল মধুর ছেলে ২০১২ সালে বিদ্যুতের তারে জড়িয়ে পড়ে। শেষ পর্যন্ত রতনের দু’হাতের কব্জি পুড়ে নষ্ট হয়ে যায়। দু’ হাত শুকিয়ে যায়। অদম্য রতন কব্জি হারানো পরও এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে সাফল্য পায়।
সৈয়দপুর (নীলফামারী)
সৈয়দপুরের মো.আহনাফ তাহমিদ স্ক্রাইব অর্থাত্ শ্রুতি লেখকের মাধ্যমে পরীক্ষা দিয়ে এবারের এসএসসিতে মানবিক বিভাগে গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে। সে রিব্র্যাল পালসিজনিত প্রতিবন্ধী। তার দুটি হাতই অকেজো। তারপরও অসাধ্যকে সাধ্য করেছে আহনাফ। তাক লাগিয়ে দিয়েছে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, সহপাঠীসহ সবাইকে। যেন প্রতিবন্ধকতাকে জয় করেছে সে। ভবিষ্যতে সে ইংরেজি সাহিত্যে উচ্চশিক্ষা গ্রহণে আগ্রহী। সৈয়দপুর শহরের কয়ানিজপাড়া এলাকায় তাদের বাড়ি। বাবা গোলাম মোস্তফা মুকুল একটি ইন্স্যুরেন্স কোম্পানীর এরিয়া প্রধান। মা নাজমা নাজ গৃহিনী। পঞ্চম শ্রেণীতে অধ্যয়নকালে আকস্মিক রোগে আক্রান্ত হন আহনাফ তাহমিদ।
