দাউদকান্দি উপজেলার মালাখালা গ্রামে ঝগড়া দেখতে যাওয়া মায়ের কোলে এক শিশু খুন হয়েছে। মঙ্গলবার মালাখালা গ্রামের খোরশেদ মিয়ার পুত্র দুলাল ও আব্দুল লতীফ ঝগড়া শুরু করলে পার্শ্ববর্তী বাড়ির লোকজন ঝগড়া দেখতে আসে। এই সময়ে বাপের বাড়িতে বেড়াতে আসা হরিপুর গ্রামের ফিরোজ মিয়ার স্ত্রী আকলিমা আক্তারও তার এক বছরের শিশু ফারিয়াকে কোলে নিয়ে ঝগড়াস্থলে যায়। ঝগড়া চরম রূপ নিলে একটা রডের আঘাতে ফারিয়া মারাত্মকভাবে আহত হয় এবং আশংকাজনক অবস্থায় ঢাকা প্রেরণ করা হলে সে মঙ্গলবার দিবাগত রাতে মারা যায়। রিপোর্ট প্রেরণ পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। উল্লেখ্য, এক বছর পূর্বে উক্ত ফিরোজ মিয়ারই এক শিশুপুত্র তার হাত থেকে ছুটে গিয়ে গাড়ির চাকায় পিষ্ট হয়ে মারা যায়।
