চুয়াডাঙ্গার দামুড়হুদায় গরু চুরি করে ট্রাকে করে নিয়ে যাবার সময় গণপিটুনির শিকার হয়েছে ৪ গরু চোর। এতে ঘটনাস্থলেই একজন নিহত হয়। ঘটনাটি ঘটে বুধবার ভোর সাড়ে ৩টার দিকে। আহত হয়েছেন রাজবাড়ি কলেজ মোড়ের আলেক শেখের ছেলে হোসেন শেখ (৪৫), চুয়াডাঙ্গার দামুড়হুদার খা পাড়ার আজিমুদ্দিনের ছেলে হারুন (৩৫) এবং দামুড়হুদার মুক্তারপুর জালাল উদ্দিনের ছেলে শফিকুল ইসলাম (৩৮)। পুলিশ সকাল সাড়ে ৮টার দিকে আহতদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠায়।
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব জানান, গরু চোরের দলটি রাতভর দামুড়হুদার হোগলডাঙ্গা, নাপিতখালি, জুড়ানপুর, মুক্তারপুর প্রভৃতি এলাকা থেকে গরু চুরি করে ট্রাকে বোঝাই করে। আহত শফিকুল ইসলাম জানায়, গণপিটুনিতে নিহতের নাম বাবু (২২)। বাবুর বাড়ি চুয়াডাঙ্গার জীবননগর বিজিবি ক্যাম্প পাড়ায়। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিত্সক ডা. মশিউর রহমান উপস্থিত সাংবাদিকদের জানান, গণপিটুনিতে আহত তিনজনের অবস্থা গুরুতর।
