নাগেশ্বরীতে পরকীয়ার জের ধরে সহকারী শিক্ষা অফিসারের স্ত্রী ও প্রেমিকার পাল্টাপাল্টি মামলা দায়ের। সংবাদ সংগ্রহে যাওয়ায় সাংবাদিকদেরকেও আসামি করা হয়েছে। প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন এর নিন্দা জানিয়েছে।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, রংপুরের তারাগঞ্জ উপজেলার হাজিপুর গ্রামের মজিবুর রহমানের ছেলে দুই সন্তানের জনক সহকারী শিক্ষা অফিসার আব্দুর রাজ্জাক একই উপজেলার ইকরচালি গ্রামের মৃত আইয়ুব আলীর মেয়ে এক সন্তানের জননী সুমনা আক্তারের সাথে পরকীয়া প্রেমে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে রাজ্জাকের চাপে সুমনা তার স্বামীকে গত ২৫ এপ্রিল তালাক দেয়। পরবর্তীতে রাজ্জাকের ডাকে ২৭ মে সুমনা তার কর্মস্থল নাগেশ্বরীতে আসলে অফিস সংলগ্ন সাতানীপাড়া গ্রামে আইয়ুব আলীর বাড়িতে নিয়ে শারীরিক সম্পর্ক স্থাপনের চেষ্টা করলে সুমনার চিত্কারে পার্শ্ববর্তী লোকজন দু’জনকে আটক করে রাজ্জাককে গণধোলাই দেয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাদেরকে পুলিশে সোপর্দ করে। পরে সুমনা বাদী হয়ে রাজ্জাকের নামে মামলা দায়ের করে। ২৮ মে সকালে সহকারী শিক্ষা অফিসার রাজ্জাক ও সুমনাকে জেল হাজতে পাঠানো হয়। অপরদিকে রাজ্জাকের স্ত্রী নাবিলা বেগম সুমনা, সাংবাদিক জোবায়ের সিদ্দিকী স্বপন (যুগান্তর), আখতারুজ্জামান পাভেল ( ভোরের কাগজ), রফিকুল ইসলাম ( দৈনিক ভোরের ডাক) ও মজিবর রহমান ( দৈনিক জনতা) সহ ৮ জনকে আসামি করে মামলা করে।
