কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে গরু চোরাকারবারীদের আটক করতে এলোপাতাড়ি ৬ রাউন্ড গুলিবর্ষণ করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এ ঘটনায় ৩ শিশুসহ ৪ বাংলাদেশি ও দু’জন ভারতীয় গরু ব্যবসায়ী গুরুত্বর আহত হয়েছে। মঙ্গলবার বিকেলে এ ঘটনা ঘটলে সন্ধ্যার পর বিজিবি কড়া প্রতিবাদ জানিয়ে পত্র প্রেরণ করেছে বিএসএফকে।
বিজিবি ও সীমান্তবাসী সূত্রে জানা যায়, দু’দেশের একদল সংঘবদ্ধ চোরাকারবারী ২০/২৫টি গরু, ফেন্সিডিল, গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্য বাংলাদেশের উদ্দেশ্যে পাচারের চেষ্টা চালায়। এ সময় ভারতের ওই এলাকার (হরিদাস খামার) ক্যাম্পের টহলরত বিএসএফের সদস্যরা তাদের ধাওয়া করে। চোরাকারবারীরা পালাতে শুরু করলে বিএসএফ তাদের লক্ষ্য করে এলোপাতাড়ি ৬ রাউন্ড গুলিবর্ষণ করে। এতে বাংলাদেশী মজিবরের পুত্র মমিনুল (২৮), ওসমান আলীর শিশু পুত্র লাবু (৭), শরিয়তুল্লার পুত্র হাফিজুল (১০), সিদ্দিক আলীর পুত্র রাশেদুল হক (৯) এবং ভারতের খারিদা হরিদাস গ্রামের চটকু শেখের পুত্র মাহাবুব (২৫) ও সামছুল আলমের পুত্র আমির হোসেন (২৬) আহত হয়।
