কক্সবাজারে ডলফিনের মৃতদেহ নিয়ে উদ্বেগ

আপডেট : ২৯ মে ২০১৩, ২১:১২
কক্সবাজার বঙ্গোপসাগর তীরে একটি মরা ডলফিন ভেসে এসেছে। গতকাল মঙ্গলবার বিকালে শহরের ডায়াবেটিক পয়েন্ট সৈকতে মরা ডলফিনটি পাওয়া যায়। গত এক মাসে কক্সবাজারের বিভিন্ন এলাকায় এই ধরনের বেশ কয়েকটি ডলফিনের মৃতদেহ ভেসে আসে। পরিবেশবাদীরা ঘটনাটি খতিয়ে দেখার দাবি জানিয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার বিকাল সাড়ে ৪টার দিকে মৃত ডলফিনটি সৈকতে পড়ে থাকতে দেখে উত্সুক মানুষের ভীড় জমে। স্থানীয়দের ধারণা, বঙ্গোসাগরে জেলেদের জালে আটকা পড়ে মারা যায় ডলফিনটি। পরে জোয়ারের সাথে ভাসতে ভাসতে এটি সৈকতে চলে আসে। স্থানীয় জেলেরা জানান, কক্সবাজার বঙ্গোপসাগরে জেলেদের জালে প্রায়ই হাঙ্গর ধরা পড়লেও ডলফিন ধরা পড়ে কদাচিত্। এ প্রাণীটি মানুষের জন্য উপকারী প্রাণী হিসাবে পরিচিত। তাই জেলেরা কখনও ডলফিন মারে না। স্থানীয় ভাষায় যাকে ‘হুছুম মাছ’ বলা হয়। কথিত আছে সাগরে বিপন্ন অনেক মানুষের প্রাণ বাঁচিয়েছে এ মাছটি।