শ্রীপুর উপজেলার সোনাব গ্রামে প্রকাশ্য দিবালোকে স্থানীয় লোকজন এলাকার চিহ্নিত সন্ত্রাসী হত্যা, চুরি, চাঁদাবাজিসহ বিভিন্ন মামলার আসামি শাজাহানকে (৩৫) সোনাব গ্রামে পিটিয়ে হত্যার ২৪ ঘণ্টা পর শ্রীপুর থানায় মামলা রুজু হয়। সন্ত্রাসী পুত্রকে এলাকাবাসী পিটিয়ে হত্যা করায় ঘৃণা ও ক্ষোভে পুত্র হত্যা মামলার বাদী হল না নিহতের পিতা অশীতিপর বৃদ্ধ আবুল কালাম। অগত্যা নিহতের চাচা সুলতান উদ্দিন বাদী হয়ে ২৪ ঘণ্টা পর ১২ জনকে আসামি করে শ্রীপুর থানায় হত্যা মামলা দায়ের করেছে। পুলিশ জানায়, কাওরাইদ ইউনিয়নের শিমুলতলী এলাকার আবুল কালামের পুত্র শাজাহান এলাকার চিহ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজ ছিল। সমপ্রতি সে একটি হত্যা মামলায় জেল থেকে জামিনে বের হয়ে পুনরায় বেপরোয়া হয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করে। ২৭ মে সোমবার এলাকাবাসীর পুঞ্জিভূত ক্ষোভের পরিসমাপ্তি ঘটে শাজাহান হত্যাকাণ্ডের মধ্য দিয়ে। সন্ত্রাসী পুত্রের নৃশংস মৃত্যু দেখেও বিচার চাইতে অস্বীকৃতি জানালো অশীতিপর বৃদ্ধ আবুল কালাম ও শাজাহানের দু’স্ত্রী। ২৪ ঘন্টা লাশ পড়ে থাকে থানার মাঠে।
