কুড়িগ্রাম জেলার রাজিবপুরে ভিজিডি’র চাল কম দিয়ে ৬০ বস্তা চাল আত্মসাতের অভিযোগে উপজেলা পরিষদ ঘেরাও করে বিক্ষোভ-সমাবেশ করেছে এলাকাবাসী। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্বরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে ঐ এলাকার কয়েকশ’ ভিজিডি’র চাল বঞ্চিত নারী ও পুরুষ। রাজিবপুর সদর ইউপি চেয়ারম্যান নুর-ই-শাহীফুলের বিরুদ্ধে ভিজিডি’র চাল আত্মসাতের অভিযোগ উঠলে জনরোষ থেকে বাঁচতে প্রকাশ্যে ক্ষমা চেয়ে রক্ষা পান তিনি। বিক্ষোভকারীদের অভিযোগে জানা যায়, চাল আত্মসাতের অভিযোগে জড়িত চেয়ারম্যানের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এলাকাবাসী উপজেলা পরিষদ ও জেলা প্রশাসক বরাবর আবেদন করেও প্রতিকার না পাওয়ায় বাধ্য হয়ে ঘেরাও কর্মসূচি গ্রহণ করে। এসময় ভিজিডি কার্ডধারীদের দাবির সাথে একাত্মতা ঘোষণা করে বক্তব্য রাখেন- উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হাই, উপজেলা চেয়ারম্যান আকবর হোসেন হিরো প্রমুখ। পরে পরিস্থিতি সামাল দিতে উপজেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীদের সিদ্ধান্তের আলোকে ইউপি চেয়ারম্যান নুরে-ই-শাহীফুল উপস্থিত জনগণের সামনে হাজির হয়ে ক্ষমা প্রাথর্না করেন।
