খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি)কে একটি আধুনিক, গতিশীল, দুর্নীতিমুক্ত ও গণমানুষের সেবামূলক প্রতিষ্ঠান হিসাবে গড়ে তোলার শপথ নিয়ে বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট সমর্থিত ঐক্যবদ্ধ নাগরিক কমিটির মেয়র প্রার্থী মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি তার ২১ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। বুধবার দুপুরে নগরীর একটি অভিজাত হোটেলে সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি এ নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন।
নির্বাচনী ইশতেহারে যেসব অঙ্গীকার করা হয়েছে সেগুলো হলো—কেসিসিতে নাগরিক শাসন প্রতিষ্ঠা, নাগরিক পরিকল্পনার প্রবর্তন, নাগরিক মর্যাদা ও সম্মান সংরক্ষণ, গুণীজন সম্মাননা, সমপ্রদায়গত সমপ্রীতির ঐতিহ্য সংরক্ষণ, শিশু -বয়স্ক ও প্রতিবন্ধী সহায়ক পরিকল্পনা গ্রহণ, মাদকবিরোধী খুলনা গঠন, নারী অধিকার প্রতিষ্ঠায় সহায়তা প্রদান, নগরবাসীর স্বাস্থ্য উন্নয়ন, মহানগরীতে পার্ক, উদ্যান ও বৃক্ষ সংরক্ষণ, ক্রীড়া, বিনোদন ও শরীর চর্চার সুযোগ সৃষ্টি, ভেজালমুক্ত বিশুদ্ধ খাদ্য সরবরাহ, মহানগরীর সড়ক উন্নয়ন ও বর্জ্য-বৃষ্টির পানি নিষ্কাশন, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, খালিশপুর শিল্পাঞ্চল পুনরুজ্জীবনের পদক্ষেপ, শিল্প ও কলকারখানা স্থাপনে সহযোগিতা প্রদান, সাংস্কৃতিক কর্মকাণ্ডের উন্নয়ন, বিশ্ব ঐতিহ্য সুন্দরবন রক্ষায় ভূমিকা গ্রহণ, সিটি কর্পোরেশনের এলাকা সমপ্রসারণ ও ক্ষুদ্র যানবাহনের লাইসেন্স প্রদান।
এছাড়া বিবিধ উন্নয়ন কর্মসূচির মধ্যে রয়েছে নগরীর জলাবদ্ধতা দূরীকরণ, সড়ক বাতির উন্নয়ন, সড়ক পরিচ্ছন্নতা ও মশক নিধনের জন্য বাস্তবসম্মত পদক্ষেপ, নগরবাসীর সুপেয় পানির সংকট নিরসনে ওয়াসাকে সঠিক পরিকল্পনা ও দিকনির্দেশনা দিয়ে এগিয়ে নেয়া, অভিজ্ঞ ও বিজ্ঞজনদের পরামর্শের ভিত্তিতে শিল্প, সাহিত্য, নাট্যকর্ম ও সঙ্গীতসহ সাংস্কৃতিক কর্মকাণ্ড বিকাশের জন্য যথাযথ উদ্যোগ গ্রহণ, নাগরিকদের সেবা বৃদ্ধি ও সিটি কর্পোরেশনের আয়ের উত্স বাড়াতে নতুন নতুন মার্কেট নির্মাণ, মসজিদ, মন্দির, গীর্জা, কবরস্থান ও শ্মশানঘাটের উন্নয়নে ধর্মীয় নেতাদের সহযোগিতা ও পরামর্শে কার্যকর পদক্ষেপ গ্রহণসহ ধর্মীয় শিক্ষা কার্যক্রম সমপ্রসারণে যথাযথ উদ্যোগ গ্রহণ, খুলনার শিল্প বিকাশের স্বার্থে পাইপলাইনের মাধ্যমে গ্যাস সংযোগ দেয়ার জন্য সরকারি উর্ধ্বতন পর্যায়ে যথাযথ ভূমিকা রাখা, সিটি কর্পোরেশনের প্রশাসনিক কাঠামো ঢেলে সাজানো, কেসিসির কর্মকর্তা-কর্মচারিদের স্বাস্থ্যসম্মত আবাসন নির্মাণ ও নিয়মানুযায়ী তাদের মানসম্মত শিক্ষা-চিকিত্সার সু-ব্যবস্থাকরণ এবং কেসিসির মাস্টাররোল কর্মচারিদের পদসৃষ্টিসহ স্থায়ীকরণের লক্ষ্যে যথাযথ পদক্ষেপ গ্রহণ, কেসিসির তালিকাভুক্ত উন্নয়ন সহযোগী ঠিকাদার প্রতিষ্ঠানসমূহের সকল কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে যথাযথ বিধি-বিধান অনুসরণের মাধ্যমে অহেতুক জটিলতা ও হয়রানি বন্ধ, সিটি কর্পোরেশনের জনকল্যাণ ও উন্নয়নমূলক প্রকল্পসমূহ দ্রুত বাস্তবায়নে পদক্ষেপ গ্রহণ। তাছাড়া হকার, রিকশা-ভ্যান, ইজি বাইক ও বেবি ট্যাক্সি চালক এবং নির্মাণ শ্রমিক, মোটর শ্রমিক, শিল্প শ্রমিক, হোটেল কর্মচারি ও গৃহকর্মীসহ শ্রমজীবী ও ক্ষুদ্র ব্যবসায়ীদের পেশাগত সুযোগ-সুবিধা বৃদ্ধি ও তাদের ন্যায্য অধিকার বিষয়ক সকল কর্মকাণ্ডে ভূমিকা পালন, নগরীতে বিচরণকারী হতদরিদ্র, ছিন্নমূল, ভবঘুরে ও ভিখারীদের পুনর্বাসনে উদ্যোগ গ্রহণ এবং নিম্নআয়ের মানুষ ও বস্তিবাসীদের উন্নয়ন ও তাদের চিকিত্সাসহ জীবন ধারণের সহায়ক কর্মপরিকল্পনায় যুক্ত স্বেচ্ছাসেবী,দাতব্য ও সরকারি-বেসরকারি সংগঠনগুলোর কার্যক্রমে আরো গতিশীলতা বাড়াতে ভূমিকা পালন। নির্বাচনী ইশতেহার ঘোষণাকালে ঐক্যবদ্ধ নাগরিক কমিটির মেয়র প্রার্থী মনিরুজ্জামান মনি বলেন, পেশীশক্তি, ক্ষমতা ও অর্থবলের কাছে ভোটারা পরাস্ত না হলে, এমন একটি গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হতে পারবে, যেখানে নির্বাচিত প্রতিনিধিরা জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য থাকবে।
তিনি বলেন, সংকীর্ণ গোষ্ঠীবাদী চিন্তার বিরুদ্ধে দাঁড়িয়ে শ্রেণি-পেশা, জাতি-ধর্ম, ধনী-দরিদ্র, নারী-পুরুষ ভেদে সকল নগরবাসীর প্রাপ্যসেবা সমতা ও ন্যায্যতার ভিত্তিতে নিশ্চিত করাই আমার লক্ষ্য। আমি নির্বাচিত হলে আমার ক্ষমতা হবে খুলনা মহানগরীর জনগণ। জনগণের পক্ষ থেকে তাদেরই প্রতিনিধি হিসাবে আমি সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব পালন করব।
এ সময় ঐক্যবদ্ধ নাগরিক কমিটির চেয়ারপার্সন সাবেক মেয়র সিরাজুল ইসলাম, প্রবীণ রাজনৈতিক নেতা এম নূরুল ইসলাম, মহানগর বিএনপি সভাপতি নজরুল ইসলাম মঞ্জু এমপি, ঐক্যবদ্ধ নাগরিক কমিটির প্রধান নির্বাচনী এজেন্ট এস এম শফিকুল আলম মনা, মহানগর বিএনপি নেতা সাহারুজ্জামান মোর্ত্তজাসহ ঐক্যবদ্ধ নাগরিক কমিটি ও ১৮ দলীয় জোটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বান
কেসিসি নির্বাচনে প্রচারণার কাজে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ আলমগীরের বিরুদ্ধে অপপ্রচার করা থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানিয়েছেন সম্মিলিত নাগরিক কমিটির নেতৃবৃন্দ।
