সম্মিলিত নাগরিক কমিটির মেয়র প্রার্থী শওকত হোসেন হিরন গতকাল বুধবার গণসংযোগের পাশাপাশি বেশ কয়েকটি মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। সকাল ১০টায় বরিশাল ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সদর উপজেলা আওয়ামী লীগের মতবিনিময় সভায় অংশ নিয়ে শওকত হোসেন হিরন উপস্থিত সকলের দোয়া কামনা করে বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টা থাকলে তিনি আবারো মেয়র নির্বাচিত হতে পারবেন। মতবিনিময় সভা শেষে মেয়র প্রার্থী হিরন নগরীর সিএন্ডবি রোডস্থ শহীদ আবদুর রব সেরনিয়াবাত টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি), বরিশাল মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ, সরকারি মহিলা কলেজ ও নগরীর ফজলুল হক এভিনিউ এলাকায় ব্যাপক গণসংযোগ করেন। গণসংযোগকালে সকলের কাছে পুনরায় ভোট প্রার্থনা করে শওকত হোসেন হিরন বলেন, আমি নগরবাসীর ভোটে মেয়র নির্বাচিত হয়ে সেবকের ন্যায় গত ৪ বছর ৭ মাস সেবা প্রদানের প্রাণপণ চেষ্টা করেছি। কতোটুকু সফল হতে পেরেছি তার বিচার আপনারাই করতে পারবেন। যদি আমি সত্যিকার জনসেবা দিতে পারি, তাহলে জনগণ আমাকে বিমুখ করবেন না বলে আমার দৃঢ় বিশ্বাস রয়েছে।
তিনি দলমতের ঊর্ধ্বে থেকে টেলিভিশন প্রতীকে উন্নয়নের স্বার্থে ভোট প্রদানের অনুরোধ করেন। হিরন বলেন, আমি মেয়র থাকা অবস্থায় দলীয় দৃষ্টিভঙ্গির ঊর্ধ্বে উঠে সকলকে সমান দৃষ্টিতে দেখেছি। আমি আশা করবো, আপনারাও উন্নয়নের স্বার্থে আমার প্রতি ন্যায় বিচার করবেন। মেয়র প্রার্থী শওকত হোসেন হিরনের সাথে সাবেক ছাত্রলীগ নেতা ও অগ্রণী ব্যাংকের পরিচালক বলরাম পোদ্দার, আওয়ামী লীগ নেতা মোহাম্মদ হোসেন চৌধুরী, বরিশাল চেম্বার অব কমার্সের সভাপতি সাইদুর রহমান রিন্টুসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া বিকালে হিরন কাটপট্টি রোডে সংঘটিত অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের সান্ব্তনা দেন। পরে তিনি সরকারি কর্মচারীদের সাথে এবং সন্ধ্যায় নগরীর পোর্ট রোড এলাকায় মত্স্য শ্রমিক সংস্থার নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন।
