সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে প্রথমবারের মতো ইভিএম (ইলেকট্রনিক ভোটিং মেশিন) পদ্ধতিতে কিছু সংখ্যক ভোটার ভোট দিতে যাচ্ছেন। ২নং ওয়ার্ডের ৬ হাজার ২৮৩ ভোটার এ পদ্ধতিতে ভোট দিতে পারবেন। এ ওয়ার্ডের তিনটি কেন্দ্রের ২০টি কক্ষে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ হবে। তবে এখনো ইভিএম যন্ত্রপাতি সিলেট এসে পৌঁছায়নি। সিলেটের আলমপুরস্থ আঞ্চলিক নির্বাচন কমিশন কার্যালয় সূত্র আরো জানায়, ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য নির্দেশনা এসেছে।
সূত্র জানায়, ২নং ওয়ার্ড নগরীর কেন্দ্রস্থলের এলাকাসমূহ নিয়ে গঠিত। এ ওয়ার্ডের মধ্যে রয়েছে দাঁড়িয়াপাড়া, জল্লারপাড়, কাজী ইলিয়াস, লামাপাড়া, মির্জাজাঙ্গাল, তাঁতীপাড়া এবং জিন্দাবাজার এলাকা। ভোটের আগেই এসব এলাকায় ব্যাপক জনসচেতনতামূলক প্রচারণা চালানো হবে। ইভিএম পদ্ধতিতে ভোট দেয়ার বিষয়ে কোন ধারণা নেই এলাকার সাধারণ মানুষের মধ্যে।
