রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনে ১৮ দলীয় মেয়র প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুলের পক্ষে মাঠে নেমেছে হেফাজতে ইসলামের নেতা-কর্মীরা। গতকাল বুধবার ১৮ দলীয় জোটের রাজশাহী জেলা শাখার এক সংবাদ সম্মেলনে হেফাজতে ইসলামের রাজশাহী জেলার সাধারণ সম্পাদক ও বিভাগীয় কমিটির সভাপতি হাফেজ মাওলানা আব্দুস সামাদ বক্তব্য রাখেন। বুলবুলের জন্য দোয়া পরিচালনার সময় তিনি কৌশলে রাজধানীর শাপলা চত্বরে কথিত হাজার হাজার নিহত হেফাজতে ইসলামের নেতা-কর্মীর আত্মার মাগফেরাত কামনা করেন। একই সঙ্গে তিনি সরকার ও রাজশাহীতে আওয়ামী লীগের মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটনের ‘বিনাশ’ কামনা করেন। তিনি সকলকে ঐক্যবদ্ধ হয়ে সরকারের বিরুদ্ধে তীব্র প্রতিরোধ গড়ে তুলতে এবং রাসিক নির্বাচনে মেয়র প্রার্থী বুলবুলকে বিজয়ী করতে দোয়া কামনা করেন। উভয় সংবাদ সম্মেলনে জামায়াতের নেতা-কর্মীরাও উপস্থিত ছিলেন। এ ব্যাপারে ইসলামী ঐক্যজোটের রাজশাহী মহানগর সভাপতি মওলানা বোরহান উদ্দীন সাইদ দাবি করেন, হাফেজ মাওলানা আব্দুস সামাদ একাধারে ইসলামী ঐক্যজোটের নেতা এবং হেফাজতে ইসলামীর রাজশাহী বিভাগীয় সভাপতি ও জেলার সাধারণ সম্পাদক। তবে তারা ইসলামী ঐক্যজোটের পক্ষ থেকে মেয়র প্রার্থী বুলবুলকে সমর্থন দিচ্ছেন, হেফাজতের পক্ষ থেকে নয়।
‘আচরণবিধি লঙ্ঘন করলে জেল’
রাজশাহী বিভাগীয় কমিশনার হেলালুদ্দীন আহমদ বলেছেন, রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক) নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনসহ কোনো প্রকার বিশৃঙ্খলা বরদাশত করা হবে না। কোনো দুষ্ট চক্র যদি নির্বাচনী সুষ্ঠু পরিবেশ বানচালের সামান্যতম চেষ্টাও করে তবে তাদের বিরুদ্ধে কঠোর আইনী ব্যবস্থা নেয়া হবে। প্রার্থীরা যদি আচরণ বিধি লঙ্ঘন করেন, তাদের প্রার্থিতা বাতিলসহ জেল-জরিমানার ব্যবস্থা করা হবে। গত মঙ্গলবার রাজশাহী সিএন্ডবি এলাকার নানকিং দরবার হলে নির্বাচন কমিশন আয়োজিত আসন্ন রাসিক নির্বাচনের প্রতিদ্বন্দ্বী মেয়র, সংরক্ষিত ও সাধারণ কাউন্সিলর প্রার্থীদের নিয়ে আচরণবিধি সম্পর্কে অবহিতকরণ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে রাজশাহী বিভাগীয় কমিশনার হেলালুদ্দীন আহমেদ এসব কথা বলেন। সভায় রাজশাহী আঞ্চলিক নির্বাচন অফিসের কর্মকর্তা-কর্মচারী, রাসিক নির্বাচনে প্রতিদ্বন্দ্বী সংরক্ষিত ও সাধারণ কাউন্সিলর প্রার্থী অংশ নিলেও কোনো মেয়র প্রার্থী অংশ নেননি বলে জানা গেছে।
বিভাগীয় কমিশনার বলেন, প্রার্থীরা প্রথমবারের মতো আচরণ বিধি লঙ্ঘন করলে ৫০ হাজার টাকা জরিমানা এবং দ্বিতীয়বার আচরণ বিধি লঙ্ঘনের প্রমাণ পাওয়া গেলে ৬ মাসের কারাদণ্ডসহ প্রার্থিতা বাতিলও করা হতে পারে। প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা বর্তমানে গোয়েন্দা নজরদারিতে রয়েছেন বলেও সভায় উল্লেখ করেন তিনি।
