আমির হোসেন আমু এমপি বলেছেন, এ সরকারের সময়োচিত ও বাস্তবমুখী পদক্ষেপের কারণে মঙ্গা বিদায় নিয়েছে। উত্তরবঙ্গে মঙ্গা বলতে এখন কিছুই নেই। অথচ এরশাদ ও জিয়া মঙ্গা এলাকার রাষ্ট্রপতি হলেও তারা এ ব্যাপারে কোন পদক্ষেপ নেননি। ঝালকাঠি সদর উপজেলার সভাকক্ষে গতকাল বুধবার ত্রাণের অর্থ ও টিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে ৫৭ জন গরীব নারী-পুরুষের মাঝে ৬৪ বান টিন ও প্রত্যেককে নগদ ৩ হাজার টাকা এবং বিনয়কাঠি ইউনিয়নে আগুনে ক্ষতিগ্রস্ত ১৪ জনের প্রত্যেককে ৫ হাজার টাকা দেয়া হয়। তিনি আরো বলেন, সারা দেশে সরকার খাদ্য নিরাপত্তা বেষ্টনি গড়তে সক্ষম হয়েছে। এ সরকার গ্রামভিত্তিক চিন্তা করে বলেই ঝালকাঠিতে কোটি কোটি টাকা ব্যয়ে পিটিআই ইনস্টিটিউট, টিটিসির মত প্রতিষ্ঠান নির্মাণাধীন। আগামী কয়েক মাসের মধ্যেই এ জেলায় বিসিক শিল্প নগরীর জন্য অর্থ বরাদ্দ আসছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা আ. রউফের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জেলা পরিষদ প্রশাসক ও জেলা আওয়ামী লীগ সভাপতি সরদার মো. শাহআলম।
