পান্থপথে বসুন্ধরা সিটির সামনে বুধবার সকালে ইদ্রিস হোসেন (৩২) নামে এক ভ্যান চালককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত ইদ্রিসের এক আত্মীয় জানান, কলাবাগান থেকে ভ্যান নিয়ে কাওরান বাজার আড়তে যাওয়ার পথে বসুন্ধরা সিটি মার্কেটের সামনে ৩/৪ জন যুবক তার গতিরোধ করে। এ সময় তারা তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এরপর স্থানীয় কয়েকজন লোক তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। তবে কি কারণে তাকে হত্যা করা হয়েছে পুলিশ নিশ্চিত হতে পারেনি। নিহত ইদ্রিস হোসেনের বাবার নাম হানিফ মিয়া। গ্রামের বাড়ি কিশোরগঞ্জের সদরে। কলাবাগানের এক নম্বর লেনের একটি বাড়িতে তিনি ভাড়া থাকতেন।
