উন্নতমানের বিপুল ভাণ্ডার জামালগঞ্জ কয়লা খনি

আপডেট : ২৯ মে ২০১৩, ২২:৪৮
জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার জামালগঞ্জে উন্নতমানের কয়লার বিপুল ভাণ্ডার নিয়ে ৪৭ বছর ধরে অবহেলিত অবস্থায় পড়ে রয়েছে জামালগঞ্জ কয়লাখনি। পড়ে থাকা কয়লাখনি হতে ৫০০ মেগাওয়াট বিদ্যুত্ উত্পাদন করা যেতে পারে বলে বিশেষজ্ঞগণ জানিয়েছেন। এতে রাজশাহী বিভাগে বিদ্যুতের চাহিদা মেটানো যেতে পারে। অতিরিক্ত বিদ্যুত্ জাতীয় গ্রিডে দেয়া যাবে। জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার জামালগঞ্জে ১৯৬২ সালে যুক্তরাষ্ট্র্র্র্র্রের সহায়তায় তখনকার খনিজ ও জ্বালানি শক্তি কমিশন উন্নতমানের কয়লা সম্পদের ৭টি ক্ষেত্র চিহ্নিত করে। উন্নতমানের কয়লা এলাকার বিস্তীর্ণ অঞ্চলে ৬৭০ থেকে ১০৬২ মিটার গভীরে রয়েছে। সে সময়কার অনুসন্ধানী টিম জানায়, এসব কয়লাখনির ক্ষেত্রে ১ হাজার মিলিয়ন বা একশ’ কোটি টন উন্নতমানের কয়লার মওজুদ রয়েছে। অনুসন্ধানী দলটির মতামতের উপর ভিত্তি করে তখনকার সরকার খনি এলাকায় ৬ একর জমি অধিগ্রহণ করে। সরকার ১৯৭৯ সালে অধিগ্রহণকৃত জায়গায় কয়লাখনির কাজ এগিয়ে নিয়ে যেতে অতিথিশালা, স্টাফ কোয়ার্টার ও গুদাম নির্মাণ করে। সে সময় এশিয়ার উত্কৃষ্টমানের কয়লা প্রাপ্তির সম্ভাবনায় এ খনি বাস্তবায়নে ৪০ কোটি বৈদেশিক মুদ্রা ব্যয় নির্ধারণে ৫ বছর মেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হয়। এরপর অদ্যাবধি অজ্ঞাত কারণে জামালগঞ্জ কয়লাখনি ‘পরিত্যক্ত’ অবস্থায় পড়ে আছে। জামালগঞ্জ কয়লাখনির বিপুল পরিমাণ মজুদ কয়লা অর্থাত্ কার্বন-ডাই-অক্সাইড, হাইড্রোজেন ও মিথেনকে, ইউসিজি (আন্ডারগ্রাউন্ড কোল গ্যাসিফিকেশন) অর্থাত্ খনির তলদেশেই কয়লাকে পুড়িয়ে গ্যাসে রূপান্তর করে অত্যাধুনিক প্রযুক্তিতে তাপবিদ্যুত্ কেন্দ্র স্থাপনে ৫০০ মেগাওয়েট বিদ্যুত্ উত্পাদন সম্ভব হবে। উত্পাদিত এই বিদ্যুত্ রাজশাহী বিভাগের চাহিদা মিটিয়েও অতিরিক্ত থাকবে। এতে কোনরকম পরিবেশ বিপর্যয় দেখা দেবে না, কোন ঘরবাড়ি বা জনবসতি স্থানান্তর করার প্রয়োজন হবে না, এমনটিই জানালেন জয়পুরহাট ই্ন্সটিটিউট অব মাইনিং মিনারেলজি এন্ড মেটেরোলজির মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. নাজিম জামান। তিনি জানান, খনির অভ্যন্তরে ইউসিজি প্রযুক্তি ব্যবহারে গ্যাসে রূপান্তর করা হয় তবে অবশ্যই প্রকল্পটি লাভজনক হবে। নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, যুক্তরাষ্ট্রের ‘ক্লিন কোল’ কোম্পানি আনুষ্ঠানিকভাবে সরকারকে এমন একটি প্রস্তাব দিয়েছে। সে প্রস্তাবে তারা জানিয়েছে, এমন অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারে যদি তাদের বিদ্যুত্ উত্পাদন করার অনুমোদন দেয়া হয় তবে তারা সরকারের কোনরকম ব্যয়বরাদ্দ ছাড়াই বাস্তবায়ন করবে এবং সরকারকে প্রতি বছর ৪৫ মিলিয়ন ইউএস ডলার রেভিনিউ দিবে। এমন প্রযুক্তি আমেরিকাসহ কানাডা, দক্ষিণ আফ্রিকা, চায়না, ভিয়েতনাম, স্পেন, অস্ট্রেলিয়ায় ব্যবহূত হচ্ছে বলেও সূত্রটি জানিয়েছে। সূত্র জানায়, সরকার যদি এমন অত্যাধুনিক প্রযুক্তিতে বিদ্যুত্ উত্পাদন প্রকল্প অনুমোদন করে তবে তা বিনা খরচায় (ফ্রি অব কস্ট) বাস্তবায়ন করতে পারবে।