আপিল পর্ব শেষে জুলাই-আগস্টে যুদ্ধাপরাধীদের সাজা কার্যকর

আপডেট : ২৯ মে ২০১৩, ২২:৪৮
তথ্যমন্ত্রী ও জাসদের সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়া জামায়াতকে রক্ষার যত চেষ্টাই করুন না কেন, কোনো লাভ হবে না। যতই সন্ত্রাস করা হোক না কেন যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ হবে না। আগামী জুন মাসের মধ্যে উচ্চ আদালতের আপিল কার্যক্রম শেষ হলে জুলাই-আগস্টে যুদ্ধাপরাধীদের সাজা কার্যকর করা হবে। আর এই রায় কার্যকরের মাধ্যমে জামায়াতীদের বিষদাঁত ভেঙ্গে দেয়া হবে। গতকাল বুধবার বঙ্গবন্ধু এভিনিউস্থ জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর জাসদের সমন্বয় কমিটির এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। হাসানুল হক ইনু বলেন, অনেক সহ্য করেছি, আর নয়। জামায়াতকে নিষিদ্ধ করতে হবে। ১৪ দলকে বলব, আর কালক্ষেপণ না করে জামায়াতকে নিষিদ্ধ করুন। যারা নাশকতা করছে, তাদের একটা একটা করে কারাগারে নিক্ষেপ করুন। তিনি বলেন, জুলাই-আগস্টে আমরা প্রমাণ করব, হয় বাংলাদেশ মুক্তিযোদ্ধাদের থাকবে, নতুবা রাজাকারদের থাকবে। হরতাল প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, এবার আমরা দেখলাম, যুদ্ধাপরাধীদের বাঁচানোর পাশাপাশি তাঁরা একজন টাকা পাচারকারী ও চোরদের বাঁচানোর জন্য হরতাল ডেকেছে। এ ধরনের হরতাল গণতন্ত্রের জন্য হুমকিস্বরূপ। জাসদের ঢাকা মহনগরীর সভাপতি মীর হোসেন আখতারের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন জাসদের সাধারণ সম্পাদক শরীফ নূরুল আম্বিয়া, স্থায়ী কমিটির সদস্য নাজমুল হক প্রধান, সাংগঠনিক সম্পাদক করিম সিকদার প্রমুখ।