তারেকের বিরুদ্ধে সরকারের পদক্ষেপ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত

আপডেট : ২৯ মে ২০১৩, ২২:৪৯
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া বলেছেন, তারেক রহমানের বিরুদ্ধে সরকারের পদক্ষেপগুলো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। কারণ আইন প্রতিমন্ত্রী তারেক রহমানের বিরুদ্ধে পদক্ষেপ নেবেন বলে ঘোষণা দেয়ার পরই আদালত তার বিরুদ্ধে পরোয়ানা জারি করেন। তিনি বলেন, বিচারাধীন বিষয়ে বক্তব্য দিয়ে আইন প্রতিমন্ত্রী বিচারকার্যে সরাসরি হস্তক্ষেপ করেছেন। এজন্য তার বিরুদ্ধে স্বপ্রণোদিত হয়ে আদালত অবমাননার রুল জারি হওয়া উচিত। ১৮ দলীয় জোটের ডাকা হরতালের সমর্থনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম আয়োজিত সমাবেশে তিনি একথা বলেন। গতকাল বুধবার সুপ্রিম কোর্ট বার সমিতি ভবনে আয়োজিত সমাবেশে আরো বক্তব্য রাখেন বারের সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন এমপি, এডভোকেট নিতাই রায় চৌধুরী, ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম, ব্যারিস্টার কায়সার কামাল, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, এডভোকেট গাজী কামরুল ইসলাম সজল, ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী প্রমুখ। ব্যারিস্টার রফিকুল ইসলাম বলেন, আওয়ামী লীগ সরকার প্রশাসনিক আদেশের মাধ্যমে সরকার দলীয় লোকদের ৭ হাজার ১০৩টি মামলা প্রত্যাহার করে নিয়েছে। এর মধ্যে চাঁদাবাজি, খুন, ধর্ষণ, চুরিসহ সব ধরনের ফৌজদারি অপরাধের মামলা রয়েছে। অন্যদিকে খালেদা জিয়াসহ বিরোধী নেতা-কর্মীদের বিরুদ্ধে নতুন নতুন মামলা হচ্ছে। ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, জরুরি অবস্থা ঘোষণা ছাড়া দেশে সভা-সমাবেশ নিষিদ্ধ করার কোনো সুযোগ নেই। এটা সংবিধানের স্পষ্ট লঙ্ঘন।