নগরীর বাটালি হিল ও মতিঝর্ণা ঝুঁকিপূর্ণ পাহাড়ে বসবাসকারী আরও ৭০ পরিবারকে আজ সরিয়ে আনা হবে। অস্থায়ী পুনর্বাসনের লক্ষ্যে এসব পরিবারকে টাইগারপাস উচ্চ বিদ্যালয় মাঠে স্থাপিত তাঁবুতে নিয়ে যাওয়া হবে বলে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে। এর আগে গত শুক্রবার একই এলাকা থেকে ৯০টি পরিবারকে টাইগারপাস পুকুর পাড় মাঠে পুনর্বাসন করা হয়।
ঝুঁকিপূর্ণ পাহাড়ে বসবাসকারীদের অস্থায়ী পুনর্বাসনের লক্ষ্যে করণীয় ঠিক করতে গত বৃহস্পতিবার চট্টগ্রাম জেলা প্রশাসনের অস্থায়ী পুনর্বাসন ও পরিদর্শন কমিটির এক সভা অতিরিক্ত জেলা প্রশাসকের (রাজস্ব) কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী সালেহ আহমেদ, রেলওয়ের বিভাগীয় প্রকৌশলী তরুণ কান্তি বালা, সিডিএর স্থপতি সারোয়ার উদ্দিন, ওয়াসার উপ-বিভাগীয় প্রকৌশলী আশিক মাহমুদ প্রমুখ।
