তিন পার্বত্য জেলায় আজ হরতাল

আপডেট : ২৯ মে ২০১৩, ২২:৪৯
মন্ত্রী পরিষদে গৃহীত পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইনের সংশোধনী প্রস্তাব বাতিলের দাবিতে আজ বৃহস্পতিবার খাগড়াছড়িসহ তিন পার্বত্য জেলায় সকাল-সন্ধ্যা হরতাল এবং সড়ক ও নৌপথ অবরোধ পালন করবে বাঙ্গালিদের সংগঠন সমঅধিকার আন্দোলন, পার্বত্য বাঙ্গালি ছাত্র পরিষদ ও পার্বত্য নাগরিক পরিষদ। গতকাল বুধবার সংগঠনের নেতৃবৃন্দ অভিযোগ করেন, মন্ত্রী পরিষদে গৃহীত সংশোধনী প্রস্তাবের ফলে পার্বত্য এলাকার ভূমির ওপর বাঙ্গালি জনগণ এবং সরকারের অবস্থান দুর্বল হয়ে পড়বে। একইসাথে সেনাবাহিনীর সংহত অবস্থানের বিপরীতে পাহাড়ী নেতাদের দৌরাত্ম্য বৃদ্ধি পাবে। এই সংশোধনীর ফলে ভূমি কমিশনের বিচারিক প্যানেলে পাহাড়ীদের একচ্ছত্র প্রভাব সৃষ্টি হবে এবং পাহাড়ীদের প্রথাগত ভূমি অধিকার প্রতিষ্ঠার পথ প্রশস্ত হবে। সমঅধিকার আন্দোলন, পার্বত্য বাঙ্গালি ছাত্র পরিষদ ও পার্বত্য নাগরিক পরিষদ নামে বাঙ্গালিদের এসব সংগঠনের নেতারা পার্বত্য ভূমি কমিশন আইনের খসড়া অনুমোদনের তীব্র বিরোধিতা ও অভিযোগ করে বলেন, পার্বত্য চট্টগ্রামে ভূমি কমিশন আইন সম্পর্কে সরকারের উদ্যোগে বাঙ্গালিরা গভীর মর্মাহত ও আতংকিত। এ আইন পাসের ফলে পার্বত্য অঞ্চলে বাঙ্গালি জনগণ তাদের ন্যূনতম নাগরিক অধিকার থেকে বঞ্চিত হবে। নেতৃবৃন্দ অবিলম্বে এ আইন ও সংশোধনী প্রস্তাব বাতিল করা না হলে পার্বত্য চট্টগ্রামে আরো কঠোর আন্দোলনের কর্মসূচি নেয়া হবে বলে ঘোষণা দেন।