ব্যাংকের টাকা আত্মসাত্ ও পারিবারিক দ্বন্দ্বের জের ধরে যশোরের সন্ত্রাসী ক্লিক শামীমের হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে তার মা মনোয়ারা মৃধা অভিযোগ করেছেন। গতকাল বুধবার যশোর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তিনি।
তিনি দাবি করেন, নিহত শামীমের শ্যালক মাল্টি সুমনের সাথে বিরোধের জের ধরে স্ত্রী তৃষ্ণা ওরফে পিয়ার সহায়তায় অপহরণের পর তাকে হত্যা করা হয়েছে। শামীম নিখোঁজ থাকলেও স্বামীকে উদ্ধারে তার কোনো তত্পরতা ছিল না। তিনি আরও অভিযোগ করেন, হত্যার পর মাল্টি সুমন ও তার সহযোগীরা নানাভাবে হুমকি দিয়ে আসছে। এ কারণে পরিবার-পরিজনদের নিয়ে আতংকে দিন কাটাচ্ছেন তিনি।
মনোয়ারা মৃধা আরও অভিযোগ করেন, শামীম হত্যাকাণ্ডের পর কোতোয়ালি পুলিশের ভূমিকা রহস্যজনক মনে হচ্ছে। পুলিশ হত্যাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করায় তারা ক্ষুব্ধ ও হতাশ হয়েছেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নিহত শামীমের ভাই মনিরুল আহসান ইভেল ও খালাতো ভাই কৌশিক হাসান।
