বিশ্বের তেল রপ্তানিতে প্রথম দেশ সৌদি আরব ছাড়ার চেষ্টা করছেন হাজার হাজার শ্রমিক। কম বেতন এবং বিদেশি শ্রমিকদের ব্যাপারে সরকারের কড়াকড়ি আরোপের ফলে শ্রমিকরা এ সিদ্ধান্ত নিয়েছেন। সৌদি সরকার তার নাগরিকদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করতে কোম্পানিগুলোকে বিভিন্ন শর্ত আরোপ করে দিয়েছে। খবর রয়টার্সের।
সৌদি আরবের কর্মকর্তারা জানিয়েছেন, আগামী ৩ জুলাইয়ের মধ্যে যেসব শ্রমিক দেশে ফিরে যাবে তারা আবারো সৌদি আরবে আসার সুযোগ পাবেন। গত এপ্রিলে সৌদি বাদশাহ আবদুল্লাহ অবৈধ বিদেশি শ্রমিকদের বৈধ হতে তিন মাস সময় বেঁধে দেন। এতে কোনো শাস্তির ব্যবস্থা রাখা হয়নি। তবে কোম্পানিগুলোর পক্ষ থেকে জানানো হয়েছে, দেশি শ্রমিকরা বেশি মজুরি দাবি করছে। তাদের বেশি মজুরি দিতে গেলে শ্রমিক ছাঁটাই করতে হবে। কিন্তু দেশি কোনো শ্রমিককে ছাঁটাই করা যাবে না। ফলে কম বেতন দেয়ায় অনেক বিদেশি শ্রমিক সৌদি ছাড়তে বাধ্য হচ্ছেন। গত বছর দেশটির শ্রম মন্ত্রণালয় নিজ দেশের ছয় লাখ নাগরিকের কর্মসংস্থান সৃষ্টির পরিকল্পনা করে। এজন্য মন্ত্রণালয় কোম্পানিগুলোতে বিদেশি শ্রমিক নিয়োগে কড়াকড়ি আরোপ করে। ফলে অনেক বিদেশি শ্রমিককে ভিসা বৈধ করার পরিবর্তে সৌদি আরব ত্যাগ করার জন্য ভিসা অফিসে লাইন দিতে দেখা গেছে। দুই কোটি আশি লাখ জনসংখ্যার দেশটিতে নব্বই লাখ বিদেশি। এর মধ্যে বাংলাদেশ, পাকিস্তান, ভারত, নেপালসহ বিভিন্ন দেশের নাগরিক বিভিন্ন সেক্টরে কাজ করছেন।
সৌদি গণমাধ্যম আরব নিউজ গত মঙ্গলবার এক প্রতিবেদনে জানিয়েছে, বিদেশি শ্রমিকরা সৌদি ছাড়লে অর্থনীতিতে কি ধরনের প্রভাব ফেলতে পারে সেটি এখনো স্পষ্ট নয়। তবে বিদেশি শ্রমিকের অভাবে রাজধানী রিয়াদে রাস্তার কাজ শেষ হতে দেরি হওয়ার খবর পাওয়া গেছে। সৌদি পাসপোর্ট অফিসের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, গত এপ্রিল থেকে এ পর্যন্ত প্রায় ১ লাখ ২৪ হাজার বিদেশি শ্রমিক সৌদি ত্যাগ করেছে।
