আজ ৩০ মে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩২তম মৃত্যুবার্ষিকী। ১৯৮১ সালের এ দিনে চট্টগ্রাম সার্কিট হাউসে সেনাবাহিনীর কিছু বিপথগামী সদস্যের হাতে নির্মমভাবে নিহত হন তিনি। শোকাবহ এ দিনটি স্মরণে রাজধানী ঢাকাসহ সারাদেশে মিলাদ মাহফিল, আলোচনা সভা ও দরিদ্রদের মাঝে খাবার বিতরণসহ ব্যাপক কর্মসূচি নিয়েছে বিএনপি ও সহযোগী সংগঠন।
১৯৮১ সালের ২৯ মে তিনি এক সরকারি সফরে চট্টগ্রামে যান। ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে গভীর রাতে তাকে হত্যা করা হয়। বিক্ষুব্ধ সেনা সদস্যরা তার লাশ চট্টগ্রামের রাউজানের গভীর জঙ্গলে কবর দেয়। তিনদিন পর ঐ লাশ উদ্ধার করে ঢাকার শেরে বাংলানগরে এনে দাফন করা হয়।
কর্মসূচি:জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ সকাল ৬টায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন। সকালে চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপির জাতীয় নেতৃবৃন্দের জিয়াউর রহমানের মাজারে পুষ্পমাল্য অর্পণ, মাজার জিয়ারত। পরে জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে মাজার প্রাঙ্গণে দোয়া মাহফিল ও ড্যাবের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হবে। সকাল থেকে নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ড্যাবের উদ্যোগে মেডিক্যাল ক্যাম্প ও বিনামূল্যে চিকিত্সা সেবা প্রদান। ঐদিনই বেগম খালেদা জিয়া ঢাকা মহানগরী বিএনপি’র উদ্যোগে বিভিন্ন স্পটে দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করবেন।
১ ও ২ জুন:দিনব্যাপী খালেদা জিয়া ঢাকা মহানগরী বিএনপি’র উদ্যোগে বিভিন্ন স্পটে দুঃস্থ ও দরিদ্রদের মাঝে খাবার বিতরণ করবেন। জেলা ও মহানগরীসহ সকল ইউনিটের কার্যালয়ে আজ সকাল ৬টায় দলীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন এবং নিজ নিজ এলাকার সুবিধা অনুযায়ী আলোচনা সভা, দোয়া মাহফিল ও তবারক বিতরণ করা হবে।
জাতীয়তাবাদী সমবায় দল:আজ সকাল সাড়ে ৮টায় শোক শোভাযাত্রা শেষে জিয়ার মাজারে ফাতেহা পাঠ। বাদ জোহর বিভিন্ন মসজিদে দোয়া।
বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট:আলোচনা সভা, বিকাল সাড়ে তিনটা, ডিআরইউ।
