ককটেল বিস্ফোরণ, সড়ক অবরোধ, বিক্ষোভ মিছিল, পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্য দিয়ে সারা দেশে ১৮ দলীয় জোটের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল শেষ হয়েছে। পিকেটিং করার সময় হরতাল সমর্থক বেশ কয়েকজন আহত হয়েছেন। পুলিশ বেশ কিছু সংখ্যক কর্মীকে আটকও করেছে।
আমাদের লক্ষ্মীপুর প্রতিনিধি জানান, সকালে লক্ষ্মীপুর-রামগতি মহাসড়কের দক্ষিণ তেমুহনী এলাকায় টায়ারে অগ্নিসংযোগ করে যানচলাচল বন্ধ করে দেয় হরতাল সমর্থকরা। হবিগঞ্জ প্রতিনিধি জানান, হবিগঞ্জে পুলিশ বহনকারী গাড়িসহ দুইটি গাড়ী ভাংচুর করে পিকেটাররা। মোট ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। বাকৃবি প্রতিনিধি জানান, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখা ছাত্রদলের নেতা-কর্মীরা গতকাল বুধবার হরতালের সমর্থনে মিছিল বের করলে পুলিশ লাঠিচার্জ করে। এতে ছাত্রদলের ১০ নেতা-কর্মী আহত হয়েছে। গাইবান্ধা প্রতিনিধি জানান, শহরতলীর মডার্ণ এলাকা থেকে হরতালের সমর্থনে পিকেটিং করার সময় মোমিন (১৮) নামে এক যুবককে পুলিশ আটক করেছে। বগুড়া প্রতিনিধি জানান, বগুড়ায় ঢিলেঢালাভাবে হরতাল পালিত হয়েছে। শহরে হরতালের পক্ষে-বিপক্ষে মিছিল করেছে বিএনপি ও যুবলীগের নেতা-কর্মীরা। নারায়ণগঞ্জ প্রতিনিধি জানান, নারায়ণগঞ্জে বুধবার হরতাল সমর্থনে বিক্ষিপ্ত বোমাবাজির ঘটনা ঘটে। বিক্ষোভ মিছিল করে বিএনপি এবং এর সহযোগী সংগঠনগুলো। শহরের কালীরবাজার এলাকাতে ইসলামী ছাত্র শিবিরের লোকজন ঝটিকা মিছিল বের করে। রংপুর প্রতিনিধি জানান, হরতাল চলাকালে ভোরে রংপুর মহানগরীর চকবাজার এলাকায় রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে বেশ কয়েকটি যানবাহন ভাংচুর ও লালবাগ এলাকায় সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে হরতাল সমর্থনকারীরা। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে তারা এলাকা ছেড়ে পালিয়ে যায়। পিরোজপুর অফিস জানায়, হরতাল চলাকালে সকাল সাড়ে ৭ টার দিকে পিরোজপুর-পাড়েরহাট সড়কের বড়পোল নামক স্থানে হরতাল সমর্থনকারীরা হামলা চালিয়ে মালবাহী পাঁচটি কাভার্ড ভ্যান ভাংচুর করে। হরতালের সমর্থনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, সহ-সভাপতি এডভোকেট আবুল কালাম আকনের নেতৃত্বে শহরে পিকেটিং করেছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা। পিরোজপুরে ইসলামী ছাত্র শিবিরের জেলা কমিটির স্কুল বিষয়ক সম্পাদক মোঃ হাসানকে আটক করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে পিরোজপুর-খুলনা বাইপাস সড়কে হরতালের সমর্থনে পিকেটিং করার সময় এলজিইডি অফিসের সামনে থেকে ছাত্রলীগ নেতা-কর্মীরা তাকে আটক করে মারধরের পরে পুলিশে সোপর্দ করে। সিলেট অফিস জানায়, সিলেটে শান্তি পূর্ণভাবে হরতাল পালিত হয়। রিকশা ও ইজিবাইক চলাচল করেছে। দোকানপাট বন্ধ ছিল।
