তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল কর্মচারী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সংঘর্ষ হয়েছে। এর প্রতিবাদে ক্ষুব্ধ শিক্ষার্থীরা হাসপাতালের জরুরি বিভাগে ভাংচুর চালিয়েছে। মঙ্গলবার গভীর রাতে এ ঘটনা ঘটে। কর্মচারীদের হামলায় বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্র আহত হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিস ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, মঙ্গলবার রাত দেড়টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে এক অসুস্থ আত্মীয়কে ভর্তি করাতে যান কলেজেরই ছাত্র শাহীন। হাসপাতালের জরুরি বিভাগ ঐ রোগীকে ভর্তি করার অনুমোদন দিলেও ওয়ার্ডে কর্মরত কর্মচারীরা ভর্তি হওয়া লাগবে না বলে শাহীন ও তার আত্মীয়কে ফিরে যেতে বলেন। এতে শাহীনের সাথে ঢামেক হাসপাতালের কর্মচারী ইউনিয়নের নেতা বাবুর বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে শাহীন তার বন্ধু ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হলের ছাত্র সজিবকে ঘটনা জানিয়ে হাসপাতালে যেতে বলেন। এরপরই তিনি শহীদ ফজলে রাব্বী হলের বন্ধুদের ফোন দেন। রাত দুটার দিকে সজিব হাসপাতালের সামনে এসে শাহীনের সাথে দেখা করেন। দুজন হাসপাতালে প্রবেশ করলে কর্মচারীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় হাসপাতালের সামনে বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের কয়েকজন ছাত্র চা পান করছিল। দোকানদারদের কাছে তারা জানতে পারেন, হাসপাতালের ভিতরে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন ছাত্রকে মারধর করছে কর্মচারীরা। এ সংবাদ পেয়ে ছয় ছাত্র হাসপাতালে ঢোকেন। একই সময় হাসপাতালে প্রবেশ করেন ফজলে রাব্বী হলের কয়েকজন ছাত্র ও শাহীনের বন্ধুরা। সকলে মিলে হাসপাতালে প্রবেশ করতে গেলে বাবু সেখানে উপস্থিত হয়ে ৩০/৩৫ জন কর্মচারী নিয়ে জরুরি বিভাগের গেট লাগিয়ে ছাত্রদের সাথে সংঘর্ষে লিপ্ত হন। এতে গুরুতর আহত হন শাহীন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সজিব ও কবির।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর ড. আমজাদ আলী বলেন, ঘটনাটি ভুল বোঝাবুঝি ও গুজবের কারণে সৃষ্টি হয়েছে। হাসপাতালের কাঁচ ভেঙ্গে ছাত্ররা শৃংখলা ভঙ্গ করেছেন। ঘটনাটি খতিয়ে দেখে বিশ্ববিদ্যালয় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। একই সাথে ঢামেক হাসপাতালের যাদের কারণে এটি ঘটেছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণের জন্য হাসপাতালের পরিচালককে অনুরোধ জানানো হয়েছে।
