ভোলায় ইসলামী আন্দোলনের সমাবেশ

ইসলামী আন্দোলনকে কারা বিতর্কিত করতে চায় তা বুঝতে হবে

আপডেট : ২৯ মে ২০১৩, ২২:৫৩
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মো. রেজাউল করিম পীর সাহেব চরমোনাই গতকাল বুধবার বিকালে ভোলা টাউন হল চত্বরে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বলেন, ৪২ বছর ধোঁকা খেয়েছি। আলেম ওলামাদের আর ধোঁকায় ফেলা যাবে না। তিনি আরো বলেন, ইসলামী আন্দোলনকে কারা বিতর্কিত করতে চায় তা বুঝতে হবে। আমরা আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি— কারোরই দালালি করি না। আমরা আল্লাহ ও রসুলের দালালি করি। তিনি আরো বলেন, ক্ষমতায় থেকে নির্বাচন সুষ্ঠু হয় না। এখন আওয়ামী লীগ বলছে ক্ষমতায় থেকে নির্বাচনের কথা। আর বিরোধী দল বলছে তত্ত্বাবধায়ক সরকারের কথা। আমরা এসব বুঝি না। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন করতে হবে। এমন এক দেশে বাস করি যেখানে বিরোধী দলীয় নেত্রী প্রধানমন্ত্রীকে বলেন মহাচোর। আর বিরোধী দলীয় নেত্রীকে প্রধানমন্ত্রী বলেন, চোরের মার বড় গলা। ভোলা জেলা ইসলামী আন্দোলনের সিনিয়র সহ-সভাপতি মাওলানা ইয়াসিন নবীপুরীর সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা মহানগরীর ইসলামী আন্দোলনের সভাপতি অধ্যাপক এটিএম হেমায়েত উদ্দিন, আমীরের রাজনৈতিক উপদেষ্টা মাওলানা নূরুল ইসলাম আকন, ভোলা জেলা সম্পাদক মাওলানা তাজউদ্দিন আহমেদ, মাওলানা আতাউর রহমান প্রমুখ।