স্ত্রীর দায়ের করা যৌতুক ও নির্যাতন মামলায় উচ্চ আদালতের জামিন বাতিল করে জেল হাজতে পাঠানো হয়েছে বগুড়া হাইওয়ে পুলিশের যশোর মহাসড়ক জোনে কর্মরত সহকারী পুলিশ সুপার আনোয়ার হোসেনকে। এএসপি আনোয়ার হোসেনের স্ত্রী কেয়া গত ২৭ মার্চ আদালতে তার বিরুদ্ধে মামলা দায়ের করলে তিনি উচ্চ আদালত থেকে জামিন লাভ করেন।
জামিন পাওয়ার পর এএসপি আনোয়ার ২৭ এপ্রিল বরিশালে এসে স্ত্রীকে এসিড নিক্ষেপ করে শরীর ঝলসে দেয়। এ ঘটনায় তার বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় আরো একটি মামলা দায়ের করা হয়। যৌতুক ও নারী নির্যাতন মামলায় ২৮ এপ্রিল ধার্য তারিখে সংশ্লিষ্ট আদালতে হাজির না হয়ে তিনি উচ্চ আদালত থেকে জামিন লাভ করেন।
গতকাল বুধবার ঐ মামলায় বরিশাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমানের আদালতে হাজির হলে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়। এসিড নিক্ষেপের মামলায় তাকে এখনো শ্যোন এ্যারেস্ট দেখানো হয়নি। এএসপি আনোয়ার বরিশাল মেট্রোপলিটন পুলিশের নৌ-বন্দর থানার এসি হিসেবে কর্মরত ছিলেন।
