তারেক রহমানের এক বক্তব্যেই সরকারের ভিত নড়ে গেছে

আপডেট : ২৯ মে ২০১৩, ২২:৫৩
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা শামসুজ্জামান দুদু বলেছেন, তারেক রহমানের এক বক্তব্যেই সরকারের ভিত নড়ে উঠেছে। যেদিন তিনি ঢাকায় নামবেন, সেদিন সরকার বুঝতে পারবেন ‘বাংলাদেশের বীরের সন্তান, গণতন্ত্রের মানসপুত্র তারেক রহমান কত জনপ্রিয়’। তিনি বলেন, তারেক রহমান দেশে ফিরতে উদগ্রিব। সরকারের উচিত এজন্য পরিবেশ সৃষ্টি করা। তবে তিনি দেশে ফিরলেও খালেদা জিয়া রাজনীতি থেকে অবসর নেবেন না। তারেক রহমান তখন দলের অন্য কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন। গতকাল বুধবার ১৮ দলের হরতাল চলাকালে সকালে এবং হরতাল শেষে বিকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দুইদফা সংবাদ সম্মেলনে দুদু এসব কথা জানান। দুইবারই তার বক্তব্যের প্রধান বিষয় ছিল তারেক রহমান কেন্দ্রিক। তারেক রহমানের সকল মামলা প্রত্যাহার দাবি করে শামসুজ্জামান দুদু বলেন, ১০ বছর ধরে আওয়ামী লীগ তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। তিনি বলেন, তারেক রহমানের নিজের সিদ্ধান্ত দ্রুত দেশে ফিরে আসার। চিকিত্সকদের পরামর্শ নিয়েই তিনি দেশে ফিরবেন। অবিলম্বে সভা-সমাবেশের ওপর থেকে ‘নিষেধাজ্ঞা’ প্রত্যাহারের দাবি জানিয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী বলেছেন-তার সমালোচনা করতে হলে এসি ঘর থেকে বের হয়ে আসতে হবে। মিছিল-সমাবেশ মুক্ত করে দিলে ঘরে বসে সমালোচনা করতে হত না। সরকার ও দায়িত্বশীলদের বলব-ঘর বন্ধ করবেন না, বাঁধ দেবেন না, যে কোনো মুহূর্তে সেটি ভেঙে পড়তে পারে। হেফাজতে ইসলামের মহাসচিব জুনায়েদ বাবুনগরীর জামিনে মুক্তি প্রসঙ্গে বিএনপি চেয়ারপারসনের এই উপদেষ্টা বলেন, তার নামে দেয়া সব মামলা ‘মিথ্যা’। আগেই জামিন পাওয়া উচিত ছিল, তার ওপর নির্যাতন হয়েছে। হরতাল সম্পর্কে তিনি বলেন, হরতালকে কেন্দ্র করে সারাদেশে ১৫৬ জন আটক, ১৯৩ জনকে আহত ও ২০১টি মামলা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত একজনকে সাজা দিয়েছে। হরতালের পক্ষের মিছিলে পুলিশ লাঠিচার্জ, গ্যাস ও সরাসরি গুলিবর্ষণ করেছে। শত বাধা-বিপত্তির মধ্যেও সারাদেশে স্বতঃস্ফূর্তভাবে মানুষ হরতাল পালন করেছে। সম্মেলনে ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব আবদুস সালাম, দলের সহ-দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি, আসাদুল করিম শাহীন, কৃষিবিদ শামীমুর রহমান শামীম, স্বেচ্ছাসেবক নেতা আমিনুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।