নির্বাচনী সরকার :সংসদে বিল নয়, মুলতবি প্রস্তাব দেবে বিএনপি

আপডেট : ২৯ মে ২০১৩, ২২:৫৪
জাতীয় সংসদে আগামী ৩ জুন শুরু হতে যাওয়া বাজেট অধিবেশনে যোগ দিলেও আগামী নির্বাচনকালীন নির্দলীয় সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তনে বিল আকারে কোনো প্রস্তাব দেবে না বিরোধী দল। এমনকি এই পদ্ধতির সরকারের কোনো রূপরেখাও দেবে না তারা। তবে সংবিধানে নির্দলীয় সরকার ব্যবস্থা ফিরিয়ে আনার লক্ষ্যে সংসদে আলোচনার জন্য মুলতবি প্রস্তাব আকারে নোটিশ জমা দিয়েছেন বিএনপির একাধিক সংসদ সদস্য। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ জানান, দেশ, জাতি ও গণতন্ত্রের স্বার্থে তারা সংসদের আসন্ন অধিবেশনে যোগ দেবেন। তবে নির্দলীয় সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তনের জন্য বিরোধী দলের পক্ষ থেকে কোনো বিল (বেসরকারি বিল) উত্থাপন করা হবে না। নতুন করে নির্দলীয় সরকারের কোনো রূপরেখাও তারা দেবেন না। ১৯৯৬ সালে তত্কালীন বিরোধী দল আওয়ামী লীগ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার যে রূপরেখা দিয়েছিল, তারা সেটিই পুনর্বহাল চাচ্ছেন। তবে পরিবর্তিত ও উদ্ভুত প্রেক্ষাপটে নির্বাচনকালীন সরকারের প্রধান কে হবেন তা নিয়ে সরকার ও বিরোধী দলের মধ্যে আলোচনার মাধ্যমে সমঝোতা প্রয়োজন বলে মনে করেন সাবেক এই আইনমন্ত্রী। বিল আকারে উত্থাপন কিংবা কোনো ফর্মুলা প্রস্তাব না করলেও সংসদে নির্দলীয় সরকার ব্যবস্থার ওপর আলোচনা করতে চায় বিরোধী দল। এ লক্ষ্যে বিএনপির সংসদ সদস্য ব্যারিস্টার মহাবুব উদ্দিন খোকন গত রবিবার সংসদ সচিবালয়ে একটি মুলতবি প্রস্তাব জমা দিয়েছেন। তাতে তিনি লিখেছেন, একটি নির্দলীয় সরকারই কেবল পারে দেশে আগামীতে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান করতে। নোটিশ জমা দেয়ার বিষয়টি স্বীকার করে ব্যারিস্টার খোকন গতকাল ইত্তেফাককে বলেন, আমি নোটিশ জমা দিয়েছি। আমরা মনে করি, সরকারের উচিত এই মুলতবি প্রস্তাবের ওপর আলোচনায় সম্মত হওয়া। বিল আকারে কেন প্রস্তাব করছেন না, এ প্রশ্নের জবাবে বিএনপির এই এমপি বলেন, সংসদে সরকারি দলের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। আমরা যদি বিল আকারে জমা দিই তাহলে কণ্ঠভোটে এক সেকেন্ডেই তা নাকচ হয়ে যাবে। বিএনপি সূত্রে জানা গেছে, দলটির বগুড়া থেকে নির্বাচিত সংসদ সদস্য আব্দুল মোমিন তালুকদারও আসন্ন অধিবেশনে নির্দলীয় সরকারের ওপর আলোচনা চেয়ে মুলতবি প্রস্তাব জমা দেবেন। এছাড়া বিএনপির সংসদ সদস্য শহীদউদ্দিন চৌধুরী এ্যানি, নিলুফার চৌধুরী মনি ও রেহানা আক্তার রানুও একই ইস্যুতে নোটিশ দেবেন বলে জানিয়েছেন। সংসদ সচিবালয়ের সচিব মাহফুজুর রহমান জানান, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের দেয়া মুলতবি প্রস্তাবটি সচিবালয় গত রবিবার গ্রহণ করেছে। এদিকে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ইতোমধ্যে সাংবাদিকদের জানিয়েছেন, সরকার ও বিরোধী দল চাইলে তিনি প্রয়োজনে আগামী নির্বাচনকালীন সরকার ব্যবস্থা নিয়ে মুলতবি প্রস্তাব গ্রহণ করে এর ওপর আলোচনার সুযোগ করে দেবেন।