গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন

আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

আপডেট : ২৯ মে ২০১৩, ২২:৫৪
গাজীপুর সিটি কর্পোরেশনের নির্বাচনে আওয়ামী লীগসহ ১৪ দল সমর্থিত সম্ভাব্য মেয়র প্রার্থী অ্যাডভোকেট আজমত উল্লাহ খানকে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। গতকাল বুধবার নির্বাচনের রিটার্নিং অফিসার মোঃ মতিয়ার রহমান তাকে এ নোটিশ দেন। নোটিশ প্রাপ্তির ২৪ ঘণ্টার মধ্যে তাকে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। জেলা নির্বাচনী অফিসার মুহাম্মদ হাসানুজ্জামান জানান, মঙ্গলবার বিকালে সিটি কর্পোরেশন এলাকায় অ্যাডভোকেট আজমত উল্লাহ খানের সমর্থনে ব্যানার, ফেস্টুন ও মোটর শোভাযাত্রা সহকারে মিছিল ও সভার আয়োজন করা হয়। ওই সভায় তিনি নিজে উপস্থিত হয়ে বক্তব্য প্রদানসহ মিছিলে অংশগ্রহণ করেন। এরূপ সভা ও মিছিলের আয়োজন না করার জন্য তাত্ক্ষণিক এবং একাধিকবার তাকে মৌখিকভাবে অনুরোধ করা হয়েছিল। তথাপিও তিনি উক্ত সভা ও মিছিলে অংশগ্রহণ করেন। যা নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বিঘ্নিত হয়েছে এবং সিটি কর্পোরেশন (নির্বাচন আচরণ) বিধিমালা ২০১০-এর সুস্পষ্ট লংঘন। এ ধরনের মিছিল ও সভা করার জন্য কেন তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না পত্র প্রাপ্তির ২৪ ঘণ্টার মধ্যে তার কারণ ব্যাখ্যা দিতে বলা হয়েছে। উল্লেখ্য, নির্বাচন বিধি অনুযায়ী প্রতীক বরাদ্দের আগে প্রচার-প্রচারণা ও ভোট চাওয়ার নিয়ম নেই।