রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা ভোটের জন্য দিনরাত ভোটারদের পেছনে ছুটছেন। গত রবিবার দুপুরে প্রতীক বরাদ্দের পরই সর্বত্র বইছে উত্সবের হাওয়া। প্রার্থীদের নির্বাচনী অফিসগুলোও সরব থাকছে গভীর রাত পর্যন্ত। লোকজনের মুখে মুখে ফিরছে মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন এবং মোসাদ্দেক হোসেন বুলবুলের অবস্থান ও তাদের দেয়া প্রতিশ্রুতির কথা। পাড়ার পাড়ায় শোভা পাচ্ছে রশিতে বাঁধা পোস্টার। আচরণবিধি মেনে কোন প্রার্থীই এখনো দেয়ালে পোস্টার টানায়নি। শহরের প্রবেশপথ ও মোড়ে শোভা পাচ্ছে প্রার্থীদের সাদা-কালো ডিজিটাল ব্যানার।
ভ্রাম্যমাণ আদালতের টহল শুরু
প্রার্থীদের নির্বাচনী আচরণবিধি পর্যবেক্ষণে গতকাল বুধবার থেকে ৩০টি ওয়ার্ড এলাকায় টহল দিচ্ছে ১৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ১৫টি ভ্রাম্যমাণ আদালত। তবে প্রথমদিন কোনো প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের অভিযোগ পাওয়া যায়নি।
দুই মেয়র প্রার্থীর গণসংযোগ
সকালে মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন মহানগরীর ভদ্রাস্থ স্মৃতি অম্লান হয়ে জামালপুর, মেহেরচন্ডী কড়াইতলা, হজোর মোড়, মেহেরচন্ডী বটতলায় গণসংযোগ করেন। এ সময় তার সঙ্গে ছিলেন আওয়ামী লীগ নেতা ডা. তবিবুর রহমান শেখ, মাসুদুর রহমান তেতু, আসলাম সরকার, ডা. আব্দুল মান্নানসহ স্থানীয় নেতৃবৃন্দ। বিকালে তিনি নগরীর ৫ নম্বর ওয়ার্ডের দিগন্ত প্রসারী ক্লাবের কাছ থেকে গণসংযোগ শুরু করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত তার গণসংযোগ অব্যাহত ছিল।
মোসাদ্দেক হোসেন বুলবুল সকাল থেকে সারাদিন নগরীর মির্জাপুর, জাহাজঘাট, বিনোদপুর বাজার, কাজলা ও তালাইমারী এলাকায় গণসংযোগ করেন। এসময় তার সঙ্গে বিএনপি নেতা মিজানুর রহমান মিনু, শফিকুল হক মিলনসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জেলা ১৮ দলীয় জোটের সংবাদ সম্মেলন
বেলা সাড়ে ১১টায় চিলিস কনভেনশন সেন্টারে বুলবুলের পক্ষে সংবাদ সম্মেলন করেছে ১৮ দলীয় জোটের জেলা শাখা। সংবাদ সম্মেলনে বুলবুলের জন্য একযোগে কাজ করবেন বলে ঘোষণা দেন রাজশাহী জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট নাদিম মোস্তফা। বুলবুলকে মেয়র নির্বাচিত করার লক্ষ্যে অতীতের দ্বন্দ্ব ভুলে তিনি রাজশাহী মহানগর সভাপতি মিজানুর রহমান মিনুর সঙ্গে একসঙ্গে কাজ করারও ঘোষণা দেন। এ সময় প্রফেসর রফিকুল ইসলাম, অ্যাডভোকেট মাইনুল আহসান পান্না, মোজাম্মেল হক, প্রফেসর কেএএম শাহাদাত হোসেন মণ্ডল, আব্দুল খালেকসহ জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
