নারায়ণগঞ্জে কন্টেইনার টার্মিনাল নির্মাণের বিষয়ে ধোঁয়াশা দূর করুন

আপডেট : ২৯ মে ২০১৩, ২২:৫৫
নারায়ণগঞ্জ শহরের শীতলক্ষ্যার পাড়ে ভারতের অভ্যন্তরীণ কন্টেইনার টার্মিনাল নির্মাণের বিষয়ে ধোঁয়াশা দূর করতে প্রজ্ঞাপন জারির মাধ্যমে সরকারের অবস্থান পরিষ্কারের দাবি জানিয়েছে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুত্-বন্দর রক্ষা জাতীয় কমিটি নারায়ণগঞ্জ শাখা। গতকাল বুধবার দুপুরে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের হানিফ খান মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুত্-বন্দর রক্ষায় জাতীয় কমিটি নারায়ণগঞ্জ জেলা শাখার আহবায়ক রফিউর রাব্বি। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সভাপতি অ্যাডভোকেট এবি সিদ্দিক, সাধারণ সম্পাদক আব্দুর রহমান, জেলা বাসদের সমন্বয়ক নিখিল দাস, খেলাঘর কেন্দ্রীয় কমিটির সদস্য জহিরুল ইসলাম, ওয়ার্কার্স পার্টির জেলা কমিটির সাধারণ সম্পাদক হিমাংশু সাহা, অ্যাডভোকেট আওলাদ হোসেন, তরিকুল সুজন, জিএম জব্বার চিশতী, অমল আকাশ, শোয়েব মনির প্রমুখ। সংবাদ সম্মেলনে বলা হয়, সরকারের নতজানু পররাষ্ট্র নীতির কারণে ভারত সরকার যেমন বাংলাদেশকে পাত্তা দিচ্ছে না; তেমনি কুমুদিনীর মতো একটি প্রতিষ্ঠানও সরকারকে কোনরূপ পাত্তা দিচ্ছে না। শহরের ব্যস্ততম এলাকায় কন্টেইনার টার্মিনাল হলে শহরে যানজট যেমন বাড়বে; তেমনি রাস্তাঘাটের উপরেও চাপ বাড়বে।