একটি সংস্কৃতির রূপরেখা বা পারিপার্শ্বিকতার মধ্যে নারীর অবস্থান নির্ধারণের জন্য একটি হাতিয়ার হলো লোকসাহিত্য। ‘মৈয়মনসিংহ গীতিকা’র পালাগানগুলি পরীক্ষা করলে দেখা যাবে এই কাহিনিগুলোর প্রধান চরিত্রের অধিকাংশই নারী। কিন্তু মলুয়া পালাগানে মলুয়ার করুণ পরিণতির জন্য দায়ী সমাজের কুসংস্কার ও সমাজপতিদের অযৌক্তিক অনুশাসন। মদিনা পালাগানেও আমরা দেখি কৃষককন্যা মদিনার মতো কবি কথিত ‘বেহেশতের হুরি’র করুণ মৃত্যুর জন্য দায়ী দেওয়ানদের তথাকথিত আভিজাত্যের অহংকার। অর্থাত্ সমাজ ও সমাজপতিদের অনুশাসন এই নারীদের স্বাধীন সত্তায় বিকাশের পথকে রুদ্ধ করে দিয়েছে। তাই ‘মৈয়মনসিংহ গীতিকা’র নারীরাও ইতিহাসের এক অর্থে অমর্ত্য সেনের ‘নিরুদিষ্ট নারী’।
যৌন সহিংসতার প্রমাণ পাওয়া যায় নিচের ছড়াটিতে। নারীর বিরুদ্ধে সহিংসতা ও হিংসাত্মক আচরণের প্রমাণ মেলে অনেক ক্ষেত্রে। পাশবিক নির্যাতনের ভয়াবহ চিত্র ফুটে ওঠে এ ছড়াটিতে, ‘টুল্লুর টুল্লুর কইরো নাগো/ নাই টুল্লুরের আশা/ টিক্যা দিয়া পুইরা দিছে/ টুল্লুরের বাসা।’ এক বিবাহিত রমণী তার পূর্ব প্রেমিককে রাতে তার সঙ্গে দেখা করার আমন্ত্রণ জানায়। সে তাকে বলে বাড়ির পেছনে এসে কুড়া পাখির মতো ‘টুল্লুর’ করে তিনবার ডাক দিলেই সে ঘর থেকে বেরিয়ে আসবে। এভাবে তাদের পরকীয়া প্রেম চলছিল। একদিন স্বামী ব্যাপারটি টের পেয়ে যায় এবং শাস্তিস্বরূপ স্ত্রীর যৌনাঙ্গ টিক্যার আগুনে পোড়ায়। রাতে প্রাক্তন প্রেমিক এসে জঙ্গলের মধ্যে ‘টুল্লুর টুল্লুর’ করে আওয়াজ দিচ্ছে। কিন্তু পাশবিক নির্যাতনের শিকার নারী উল্লিখিত ছড়ার মধ্যে দিয়ে তার বেদনার অসহায়ত্বের কথা প্রকাশ করে। স্বাধীনতা ও ব্যক্তিগত স্বাতন্ত্র্যবাদের একটি প্রধান ও প্রাথমিক শর্ত হলো নিজের শরীরে নিজের অধিকার। শরীরের ব্যক্তিগত মালিকানার অধিকার এখানে চরমভাবে লাঞ্চিত হয়েছে।
পর্দাপ্রথা নারীকে ঘরের বাইরের কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে নিরুত্সাহিত করে। এই আচরণ ও মূল্যবোধের প্রতিষ্ঠানটি অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে নারীর উপস্থিতিকে প্রকৃত অর্থে সীমিত করে দেয়। অনেকের মতে পর্দাপ্রথা নারীর যৌনতা, সতিত্বের স্খলন, পবিত্রতা ও প্রজননের ওপর তার নিয়ন্ত্রণ জোরদার করে। পিতৃতান্ত্রিক এবং পিতৃপ্রধান সমাজের অন্তর্নিহিত অসাম্যই এ ধরনের ব্যবস্থা টিকিয়ে রাখে। মূল কথা হচ্ছে, পর্দাপ্রথা সামাজিক কর্মকাণ্ডে নারীর ব্যাপক ও কার্যকর অংশগ্রহণ করার ক্ষেত্রে প্রচণ্ডভাবে বাধা তৈরি করে।
বস্তুত, আমাদের সমাজ-ঐতিহ্য নারীদের শুধু স্ত্রী ও মায়ের ভূমিকায় দেখতে চায়। এর বাইরে অন্য কোনো ভূমিকায় নারীদের উচ্চাকাঙ্ক্ষা ও সাফল্য পুরুষদের মধ্যে একধরনের ভয় ও গভীর ঘৃণার জন্ম দেয়। শুধু লিঙ্গভিত্তিক পক্ষপাতের কারণে তারা পরিবার অথবা পরিবারের বাইরে আক্রমণের শিকার হয়। নারীদের অগ্রযাত্রা সত্ত্বেও সমাজ এখানে অব্যাহতভাবে পুরুষশাসিত। এ কারণে দু-পক্ষের মধ্যে উত্তেজনা বাড়ছে। এই উত্তেজনার একটি প্রকাশ হচ্ছে নারীদের বিরুদ্ধে ক্রমবর্ধমান সহিংসতা। নিচের প্রবাদ-প্রবচন ও ছড়াগুলেতে নারীদেরকে অন্তঃপুরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। পুরুষের এই নির্দেশ না মানলে নারীর নির্মাণটি যে নেতিবাচক হবে, তার সুরটিও বেজে উঠেছে ছড়ার শব্দব্যবহার ও ছন্দে,
১
পথের নারী বিপরীত।
২
ছেলে নষ্ট হাটে
মেয়ে নষ্ট ঘাটে।
৩
আইটপারা বাইন্যা জান
বেডা উতি বেডির টান।
৪
রাজার দোষে রাজ্য নষ্ট
মায়ের দোষে শিশু নষ্ট।
১ ও ২ নম্বর ছড়ায় নারীর বিরুদ্ধে গ্রামীণ কৃষকসমাজের প্রচলিত সাংস্কৃতিক মূল্যবোধ প্রতিফলিত হয়েছে। উদ্দেশ্য হচ্ছে, নারীকে পর্দা (veil) ও ঘরের মধ্যে রাখার মানসিকতা। ৩ নম্বর ছড়ায় পুরুষের চেয়ে নারীর ক্ষমতা বেশি। তাই এটাকে নেতিবাচক দৃষ্টিতে দেখা হচ্ছে। উল্লেখ্য, বাইন্যাজান গ্রামের মেয়েদের আধিপত্য বেশি। তাই সামাজিক সম্পর্ক বা বিয়ে-শাদির ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। ৪ নম্বর ছড়ায় সন্তান লালন-পালনের ভারবাহী হিসেবে নারীকে দেখা হচ্ছে। যেন শিশুর দায়িত্ব শুধুমাত্র মায়ের ওপর ন্যস্ত। পুরুষের এ ক্ষেত্রে কোনো দায়িত্ব নেই।
নারীর বিষয়ে সামাজিক প্রাধান্য পরম্পরার স্বীকৃতি দেওয়া হয়েছে নিচের প্রবাদটিতে। এখানে নিম্নবর্গীয় মানুষের ওপর ক্রমবিভক্ত কর্তৃত্বের বা কুলীনতন্ত্রের নারীর ধারণা আরোপ করা হয়েছে। যার মর্মকথা হলো সদ্বংশজাত কন্যার বিষয়ে সামাজিক আচার-প্রথা শিথিলযোগ্য :জাতের মেয়ে কালাও বালা/ নদীর জল ঘুইল্যাও বালা। অর্থাত্, সদ্বংশজাত মেয়ে কালো হলেও ভালো এবং নদীর জল ঘোলা হলেও ভালো।
সহিংসতার বাইরে আমাদের সমাজে নারীরা নানা অবহেলার শিকার। লিঙ্গভিত্তিক এই অসাম্যের চিত্র পরিবারের খাদ্যবণ্টনের ক্ষেত্রে পাওয়া যায়। নিচের ছড়াগুলিতে দেখা যায় খাবারের ক্ষেত্রে নারীর তুলনায় পুরুষেরা অগ্রাধিকার পায়। পরিবারে খাবার খাওয়ার ক্ষেত্রে নারীদের তুলনায় পুরুষদের প্রাধান্য দেবার পক্ষপাতের মানসিকতা ফুটে উঠেছে লোকসাহিত্যের এই ছড়াগুলিতে—
১
ডহি ভইরা রান্দি আমি ডহি ভরা ভাত
খাওনের বালা খাই আমি ডহি পুছা ভাত।
ভাইছাবরে কইয়ো তুমি ভালা সুখে আছি
আলের ফলার বাড়ি খাইয়া ঘর দিগালে নাছি।
২
রানধ্যা বাড়ইয়া যে বা নারী স্বামীর আগে খায়।
তার স্বামী সভাত গেলে চড়-থাপ্পড় খায়\
৩
সতী নারীর পতি ভাইরে মজিদের চূড়া।
অসতীর পতি যেন ভাঙা নায়ের গোড়া\
৪
গোয়াইল ঘরে যে বা নারী চিড়া-মুড়ি খায়।
হানজু বছর দাউন দড়ি টানিয়া ফালায়\
প্রথম ছড়াটি কিশোরগঞ্জ অঞ্চল থেকে সংগৃহীত। একজন নারীর নির্মম অসহায়ত্ব এ ছড়ার মধ্যে প্রতিফলিত হয়েছে। এখানে বলা হচ্ছে, একজন নারী পাতিল ভরে পরিবারের সবার জন্য রান্না-বান্না করে। কিন্তু সবার শেষে সে খেতে যায়। তার ভাগ্যে জোটে কেবল উচ্ছিষ্ট ভাত। সংবাদদাতাকে সে বলছে, সে যেন তার বড় ভাইকে বলে যে তার বোনটি সুখেই আছে। তার স্বামী তাকে গরু পেটানোর লাঠি দিয়ে প্রহার করে। এই ভয়াবহ নির্যাতনের চিত্র অনেক ছড়াতেই দৃশ্যমান।
স্পেনের বিখ্যাত কবি ফেদেরিকো গার্সিয়া লোকরা পীড়িত, বঞ্চিত, নিরুপায় জিপসি সমপ্রদায়ের গিটারের মধ্যে শুনেছিলেন বেদনার অতলান্ত সুর—It weeps monotonously/ As the rain drop by drop/ Or as the wind weeps/ ...It weeps, the target less arrow,/ The eve without morrow,/ And the first bird on the bough/ To perish in sorrow.
বাংলার ভাটিয়ালি গানেও নিম্নবর্গ কবিরা অসহায়, পীড়িত ও দলিত নারীদের বেদনার অতলান্ত সুর ফুটিয়ে তুলেছেন। ‘নাইঅর’-এর অনুষঙ্গে এই বেদনা অসাধারণ শিল্পরূপ পেয়েছে। ভাটিয়ালি গানগুলো যেন লোরকার কবিতার মতোই ‘weeps monotonously’। পুরুষশাসিত সমাজে নারীর অধীনতার কান্নার ধ্বনিই এর শব্দ, উপমা, সংকেতে উদ্ধৃত গানেও প্রতিফলিত হয়েছে—‘কুবালির বেডাইন যাওগো/ গাঙে বৈঠা বাইয়া।/ ঠাকু ভাইরে কইয়ো গো/ নাইওর নিত আইয়া।/ থাক থাক ভইনি গো/ কিল-মুড়া খাইয়া।/ আষাঢ় মাস নিতা আইয়াম/ বড্ডা পালকি লইয়া।
