বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী পুনর্পাঠ
হারুন-অর-রশিদ
প্রচ্ছদ : আনওয়ার ফারুক
প্রকাশক : দি ইউনিভার্সিটি প্রেস লিমিটেড
মূল্য :তিন শ টাকা
বাংলাদেশ এবং বঙ্গবন্ধু প্রায় সমার্থক। হাজার বছর ধরে বাঙালি একটি স্বাধীন ভূ-খণ্ডের জন্য লড়াই করে আসছিল। সেই দীর্ঘ লড়াইয়ের ফলাফল—বঙ্গবন্ধুর বলিষ্ঠ ও জাগ্রত নেতৃত্বে ১৯৭১ সালে দখলদার পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে স্বাধীনতা যুদ্ধের সূচনা এবং অবিস্মরণীয় বিজয়। কিন্তু এই বিজয় অর্জনের আগে উনিশ শতকের শুরু থেকে কেমন ছিল আমাদের মাটি ও মানুষের রাজনীতি, কেমন ছিল এখানকার রাজনৈতিক নেতাদের মানসকাঠমো—তার কোনো প্রামাণ্য গ্রন্থ অনেকদিন আমাদের কাছে ছিল না। বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ আমাদের সেই অভাবই কেবল পূরণ করেনি, আমাদের ইতিহাসের আয়নায়ও দাঁড় করিয়ে দিয়েছে। ফলে আমরা যেমন আমাদের চিনতে পারছি, একইভাবে আবিষ্কার করতে পারছি সেই কালের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক ভূগোলও।
বঙ্গবন্ধুর এই অসামান্য বইটিকে নতুন প্রণোদনায়, ভিন্ন আঙ্গিকে, অধিকতর ও প্রামাণ্য গ্রন্থ হিসেবে পাঠকদের সামনে হাজির করেছেন বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী হারুন-অর-রশিদ ‘বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী পুনর্পাঠ’ নামে আলাদা একটি পুস্তক রচনার মাধ্যমে। বঙ্গবন্ধু তাঁর আত্মজীবনী রচনা করেছেন পাকিস্তান সরকারের কারাগারে বসে। তাঁকে নির্ভর করতে হয়েছে স্মৃতির ওপর। অবশ্য তিনি ছিলেন অসাধারণ স্মৃতিধর মানুষ। তাঁর আত্মজীবনীর কোনো অংশ বা তথ্য এখন পর্যন্ত ভুল প্রমাণিত হয়নি। তাই হারুন-অর-রশিদের এই গ্রন্থ অধিকতর তথ্য, তত্ত্ব ও টীকায় সমৃদ্ধ বঙ্গবন্ধুর আত্মজীবনীর এই অভিনব প্রয়াস অনুসন্ধিত্সু পাঠক ও ইতিহাসচর্চাকারীদের নিজেদের চেনার ও জানার আরও কাছে নিয়ে আসবে।
বঙ্গবন্ধু তাঁর আত্মজীবনীতে যে বর্ণনা, জায়গা ও চরিত্রের নাম উল্লেখ করেছেন, হারুন-অর-রশিদ সেই স্থান ও চরিত্রের মানুষদের খুঁজে বের করেছেন। খুঁজে বের করেই ক্ষান্ত হননি, তিনি সেসব মানুষের সেকালের যথাযথ কার্যক্রমকে তুলে ধরেছেন বইয়ের পাতায়। ফলে পাঠক আরও ইতিহাসের ঘনিষ্ঠতায় নিবিড় পাঠের সুখ অনুভব করবেন। গোটা বইটিকে লেখক দশটি পর্বে ভাগ করেছেন। এ ছাড়া রয়েছে পরিশিষ্ট, তথ্যপঞ্জি ও নির্ঘণ্ট। পরিশিষ্টে আছে—বঙ্গবন্ধুর স্মরণীয় কিছু উক্তি, সংসদ সদস্যদের আনুগত্যের প্রশ্ন, প্রাদেশিক পরিষদে শেখ মুজিবুর রহমান সম্মন্ধে আনোয়ারা খাতুনের মুলতবি প্রস্তাব ১৯৫২, আওয়ামী মুসলিম লীগের প্রথম ম্যানিফেস্টো এবং পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগের সাধারণ সম্পাদক খালেক নওয়াজ খানের মা’র কাছে বঙ্গবন্ধুর স্বহস্তে লেখা চিঠি—০৬, ০৭. ১৯৫১। হারুন-অর-রশিদ এইভাবে তথ্যর সমাবেশ ঘটিয়ে পুনর্পাঠপর্বে বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ বইটিকে ইতিহাসঘনিষ্ঠ করে তুলেছেন।
‘বঙ্গবন্ধুর জীবনে চার দিশারী’ পর্বে লেখক বঙ্গবন্ধুর সঙ্গে ফজিলাতুন্নেছা মুজিব, শেখ লুত্ফর রহমান, হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও তফাজ্জল হোসেন মানিক মিয়ার সম্পর্কের বিশ্লেষণ করেছেন। প্রকৃতপক্ষে এই চারজন মানুষ, মানুষ মুজিব থেকে বাঙালি জাতির নেতা মুজিব-এ রূপান্তরের ক্ষেত্রে অসাধারণ প্রভাব রেখেছেন। কেমন ছিল বেগম মুজিব আর মুজিবের মধ্যে সম্পর্ক?
হারুন নিখুঁভাবে তুলে ধরেছেন তাঁর বইয়ে, ‘একবার ১৭-১৮ মাস বঙ্গবন্ধু জেলে কাটান। এক জেল থেকে অন্য জেলে। মামলায় হাজিরা দিতে বঙ্গবন্ধুর গোপালগঞ্জে আসা। জেলের মধ্যে তাঁর স্বাস্থ্য খুবই খারাপ হয়ে পড়ে। অবশেষে জামিনে মুক্তি দেয়া হলেও, পরক্ষণে নিরপত্তা আইনে পুনরায় গ্রেপ্তার করা হয়। গোপালগঞ্জ থানায় বঙ্গবন্ধুকে একাকী পেয়ে ফজিলাতুন্নেছা যে কথাগুলো বলেছিলেন, বঙ্গবন্ধু তাঁর আত্মজীবনীতে সেই কথা এভাবে লিপিবদ্ধ করেন :রেনু আমাকে যখন একাকী পেল, বলল, ‘জেলে থাক আপত্তি নাই, তবে স্বাস্থ্যের দিকে নজর রেখ। তোমাকে দেখে আমার মন খুব খারাপ হয়ে গেছে। তোমার বোঝা উচিত্ আমার দুনিয়ায় কেউ নাই। ছোটবেলায় বাবা মা মারা গেছেন...। তোমার কিছুু হলে বাঁচবো কি করে?’ ...আমি বললাম, ‘খোদা যা করে তাই হবে, চিন্তা করে লাভ কি?’
এভাবেই দুজন দুজনকে অনুভব করেছেন। ভালোবেসেছেন আর মৃত্যুদিনে এক সঙ্গে মৃত্যুকে আলিঙ্গন করেছেন। বাঙালি মাত্রই পরশ্রীকাতর, যা বঙ্গবন্ধু তাঁর আত্মজীবনীতে লিখে গেছেন। সেই পরশ্রীকাতরতায় পীড়িত বাঙালি এখন পর্যন্ত বেগম মুজিবকে তাঁর যোগ্য ঐতিহাসিক মূল্য দেয়নি।
সেই মানুষজন, যাঁরা ছিলেন মুজিবের দীর্ঘ যাত্রাপথের সঙ্গী—তাঁদের পরিপূর্ণ বিবরণ লিখতে পারেননি বঙ্গবন্ধু। সেই মহত্তমজনদের মোটামুটি পরিচিতি দিয়েছেন হারুন-অর-রশিদ তাঁর আলোচ্য গ্রন্থে। তাঁদের নামের তালিকা দেখলেই বোঝা যায়, কাজটা কত প্রয়োজনীয় ছিল। অবিস্মরণীয় এসব নামই বলে দেয় বঙ্গবন্ধুর বাংলাদেশ নির্মাণে এই মানুষগুলো ছিলেন ইতিহাসের বলিষ্ঠ নায়ক। এঁদের সর্ম্পকে আমরা খুব কম জানি; অনেক সময় বিকৃত ইতিহাসের ধারাবাহিকতায় ভুল ও বিকৃতভাবে জানি। এই বিকৃতি থেকে আমাদের মুক্তি দিতে পারে আলোচ্য বইটি। হারুন-অর-রশিদ কেবল তাঁদের নাম উল্লেখ ও বিবরণ লিখেই শেষ করেননি, তিনি এসব নায়কদের ছবিও সংগ্রহ করে ছেপেও দিয়েছেন।
হারুন অর রশিদ তাঁর শেষের কথায় জানাচ্ছেন, ‘১৯৭১ সালে আমাদের মুক্তিযুদ্ধের সময় বিশ্বখ্যাত সাপ্তাহিক নিউজউইক এর— ৫ এপ্রিল সংখ্যায় বঙ্গবন্ধুর উপর প্রচ্ছদ ফিচারে তাঁকে “পোয়েট অব পলিটিক্স” হিসেবে আখ্যায়িত করেছিল। বঙ্গবন্ধুর “অসমাপ্ত আত্মজীবনী” পাঠ শেষে সকল পাঠকেরই মনে হবে তিনি একজন শ্রেষ্ঠ লেখকও। গ্রন্থে তাজমহল দেখার বর্ণনা এবং বিপ্লবোত্তর নয়া চীনের ভ্রমণকাহিনী যেভাবে তুলে ধরেছেন, তা কেবল একজন শক্তিমান লেখকের পক্ষেই সম্ভব। অপরদিকে, একবার সরকারের গোয়েন্দাদের নজর এড়িয়ে লাহোর থেকে দিল্লি হয়ে বেনাপোল সীমান্ত দিয়ে খুলনার পথ ধরে বাড়ি ফেরার কাহিনী বঙ্গবন্ধু যেভাবে বর্ণনা করেছেন, মনে হয় কোন থ্রিলার পাঠ করছি। বিভিন্ন বর্ণনা, শব্দের ব্যবহার, বাক্য গঠন, ভাষা শৈলীও অসাধারণ। উচ্চমানের সাহিত্যরসেও ভরপুর। যেমন, একবার এক বছর ধরে কারাবন্দি থাকার পর একটি মামালায় হাজিরা দিতে স্টিমারে বঙ্গবন্ধুকে গোপালগঞ্জ নিয়ে যাওয়া হচ্ছিল। পরিবারের আপনজনদের সঙ্গে সাক্ষাতের জন্য বঙ্গবন্ধু খুবই উদগ্রীব ছিলেন। অপরদিকে, পরিবারের সদস্যগণ বঙ্গবন্ধুকে নিয়ে আসার খবর না জেনে তাঁর সঙ্গে দেখা করতে অন্য এক স্টিমারে একই সময়ে ঢাকা রওনা হন। এ সম্বন্ধে বঙ্গবন্ধু লিখেন :‘যা ভয় করে ছিলাম তাই হল, পূর্বের রাতে আমার মা, আব্বা, রেনু ছেলেমেয়েদের নিয়ে ঢাকায় রওনা হয়ে গেছেন আমাকে দেখতে। এক জাহাজে আমি এসেছি। আর এক জাহাজে ওরা গিয়েছে। দুই জাহাজের দেখাও হয়েছে একই নদীতে। শুধু দেখা হলো না আমাদের।’
এইভাবে বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ গ্রন্থে নিজের রাষ্ট্রবিজ্ঞান-জাত প্রজ্ঞায় বিশ্লেষণ করেছেন এবং নতুন প্রেক্ষিত ও দৃষ্টিভঙ্গির প্রসার ঘটিয়ে নতুন মাত্রা এনেছেন। বাংলা, বাঙালি ও বাংলাদেশের মনস্বী পাঠকদের কাছে ‘বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী পুনর্পাঠ’ বিশেষভাবে আগ্রহ জাগাবে।
