নিজেকে বদলে ফেলেছি
হুড়মুড় সন্ধ্যায় বাতিজ্বলা ল্যাম্পপোস্টের নিচে
কারও ভুল আচরণ শুধরাতে শুধরাতে
নিজেকে ডাকতেই ভুলে গেছি।
কী হবে এসব ভেবে? তবু ভাবি,
জগত্-পারের খোলা জানালার কপাট রক্তে ভেজা কেন?
পাখির বসে থাকা দেখে মনে মনে বলি
যাব অনেক দূর কিছু চাষাবাদ নতুন করে শিখে নিতে।
রোদেলা সকাল, পুরোনো সকাল
মেঘের জামা খুলে আজ এসেছে আবার
আমি পাশ-বালিশে মাথা রেখে দেখছি,
ভাঙাচোরা জল দু-চোখে
এমন সকাল—
আমাকে অপেক্ষা করতে হয়েছে অনেকটা কাল
কিছু দিন বেঁচে থাকব বিক্ষিপ্ত
কিছু দিন বেঁচে থাকব টুকরো টুকরো
কিছু দিন বেঁচে থাকব মথিত সন্দেহে
যাই বেগুনি রঙের ফুটপাতে...
