ইসলামী ব ই প রি চি তি

আপডেট : ৩০ মে ২০১৩, ১৭:৪৫
নাম: মক্কা-মদীনা শরীফের ইতিহাস সম্পাদনা: শায়েখ সফীউর রহমান মুবারকপুরী প্রকাশক: আবু জাফর প্রকাশনায়:মীনা বুক হাউজ, কম্পিউটার মার্কেট বাংলাবাজার ঢাকা। প্রচ্ছদ: মো. রফিকুল ইসলাম জাকির হাদিয়া: ১০০০ টাকা মাত্র মক্কা পবিত্র শহর, তার মধ্যে রয়েছে সম্মানিত কাবা। যা সারা বিশ্বের মুসলমানদের কেবলা। ইসলামের দৃষ্টিকোনে তার রয়েছে উচ্চ মর্যাদা ও ফজিলত। আর রয়েছে চির স্মরণীয় ইতিহাস। যার কারণে কাবার প্রতি ভালোবাসা মুসলিমদের হূদয়ে গ্রোথিত রয়েছে। রয়েছে অতুলনীয় আবেগ এই পবিত্র ঘরকে দর্শন জেয়ারতের জন্যে। কারো এই ঘরের তওয়াফ জেয়ারত ভাগ্যে সম্ভব হয়, আবার কারো হয়না। অনেক সময় দেখা যায় হাজি সাহেবানরা মক্কা মদীনার বিভিন্ন ছবি নিয়ে আসেন। তা দেখার জন্য মানুষেরা হুমড়ি খেয়ে পড়ে। কারণ এই ঘর পৃথিবীর প্রথম নির্মিত। এই ঘরের পূর্বে আর কোনো ঘর এই পৃথিবীতে নির্মিত হয়নি। বিভিন্ন সময় আল্লাহর গজবে এই ঘরের চিহ্ন অবলুপ্ত হয়ে গেলেও পুনরায় তা আবার সংস্থাপিত হয়েছে। আর এই মক্কা শহরও আল্লাহর অফুরান নেয়ামতে বরকতে সিক্ত হয়েছে। আর এর চতুস্পার্শে রয়েছে নবী রসূলদের স্মৃতিবিজড়িত আকর্ষণীয় স্থানসমূহ। এই গ্রন্থটিতে সেই সমস্ত জেয়ারতের স্থানগুলি সন্নিবেশিত হয়েছে। যে আরাফা ময়দানে আদি পিতা হযরত আদম (আ.) ও মা হাওয়ার মিলন হয়েছিল তার প্রতি প্রত্যেক মানুষের কৌতুহলের শেষ নেই। তাছাড়া সাফা মারওয়া পাহাড়, যমযম কূপ, মিনা, মুজদালেফা, ওয়াদিয়ে মুহাসসার (গজবের স্থান আবরাহার হস্তিবাহিনীর) জাবালে রহমত যেখানে দাড়িয়ে জীবনের শেষ ভাষণ প্রদান করেছিলেন সায়্যেদিনা হযরত মুহাম্মদ (স.)। জাবাল নূর, যেখানে এই রসূলের প্রতি কুরআন অবতীর্ণের সূচনা হয়। জাবালে সত্তর যেখানে রসূল (স.) হিজরতের সময় তিন দিন তিন রাত অবস্থান করেছিলেন। রয়েছে রহমাতুল্লিল আলামীনের ঘর। রয়েছে জান্নাতুল মুয়াল্লা। যেখানে চিরনিদ্রায় শায়িত রয়েছেন উম্মুল মু’মেনীন হযরত খাদিজাতুল কুবরা (রা.), ইসলামের জন্য যাঁর আদান অনস্বীকার্য। এসব জায়গাগুলো ছবির মাধ্যমে দেখা ও এ বিষয়ে অবহিত হওয়া একজন মুসলমানের জন্য পরম পাওয়া। যা এই বইতে রয়েছে। তাছাড়া মদীনায় রয়েছে নবীজীর মসজিদ। নবীজীর পবিত্র বওজা মোবারক। যেখানে তাঁর সঙ্গে তাঁর দুই সহচর হযরত আবুবকর ও ওমর (রা.) রয়েছেন। তাঁর পাশে রয়েছে রিয়াজুল জান্নাহ, যা বেহেশতের অংশ। মসজিদে নববীর সন্নিকটে রয়েছে জান্নাতুল বাকী কবরস্থান। যেখানে খাতুনে জান্নাত হযরত ফাতেমা (রা.) এর কবর অবস্থিত। তাছাড়া হযরত হাসান (রা.), হযরত আয়শা (রা.), হযরত ওসমান (রা.) সহ অংসখ্য জান্নাতী সাহাবীর কবর। রসূল (স.) বলেছিলেন, কেয়ামতের দিন এখান থেকে ৪০ হাজার মানুষ উঠবে যাঁদের চেহারা হবে পূর্ণিমার চাঁদের মত এবং তাঁরা বিনা হিসাবে বেহেশতে যাবেন। তাছাড়া রসূলের ঈদগাহ শি’বে আখবার, মসজিদে কেবলাতাইন, মসজিদে কুব্বা, মসজিদে জুমাআ, রয়েছে বদরের প্রান্তর, ওহুদের প্রান্তর এসব যায়গাগুলো সম্পর্কে সঠিক তথ্য ও ছবি এই গ্রন্থটি হতে জানা যাবে। বিশেষ করে যারা হজ্বে যাবেন তাদের জন্য এই গ্রন্থটি অতীব জরুরি। হজ্বের সফরে হজ্বের সকল কার্যাদি সম্পন্ন করার কাজে গ্রন্থটি সহায়ক ভূমিকা পালন করবে। আমরা গ্রন্থটির বহুল প্রচার কামনা করছি। —হোসাইন আল খালদুন