বিনিয়োগকারীদের আস্থা বাড়াবে এডিআর

আপডেট : ৩০ মে ২০১৩, ২০:৪২
দেশে বিকল্প বিরোধ নিষ্পত্তি ব্যবস্থার (এডিআর) প্রাতিষ্ঠানিকীকরণ বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধিতে ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন বাণিজ্যমন্ত্রী গোলাম মোহাম্মদ কাদের এমপি। তিনি গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ ইন্টারন্যাশনাল আরবিট্রেশন সেন্টার (বিয়াক) ও সেন্টার ফর ইফেক্টিভ ডিসপিউট রিজলিউশন (সিডর), ইউকে কর্তৃক রাজধানীর একটি হোটেলে যৌথভাবে আয়োজিত চার দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি “ফাউন্ডেশন কোর্স ইন আরবিট্রেশন” এর সমাপনী অনুষ্ঠানে এ কথা বলেন। তিনি বলেন, বিচার ব্যবস্থাকে বাণিজ্যবান্ধব করে গড়ে তোলা প্রয়োজন। মোট চব্বিশ জন প্রশিক্ষণার্থী এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ব্যারিস্টার রফিক উল হক, ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান লতিফুর রহমান, এমসিসিআই সভাপতি রোকিয়া আফজল রহমান, ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো: সবুর খান, বিয়াকের চেয়ারম্যান মাহবুবুর রহমান, প্রধান নির্বাহী ড:তৌফিক আলী প্রমুখ।