মির্জাপুরে গোড়াই সখীপুর-ঢাকা রোড নির্মাণ বন্ধ

আপডেট : ৩০ মে ২০১৩, ২১:২৯
টাঙ্গাইল জেলার পূর্বাঞ্চলের ৫ উপজেলায় যোগাযোগের গুরুত্বপূর্ণ মির্জাপুরের গোড়াই-সখীপুর-ঢাকা রোডের নির্মাণ কাজ মাঝপথে এসে বন্ধ হয়ে গেছে। যোগাযোগমন্ত্রীর নির্দেশও ঠিকাদার মানছেন না। অর্থাভাব দেখিয়ে ঠিকাদার গত তিনমাস পূর্বে কাজ বন্ধ রেখে চলে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার ঐ রোডে গিয়ে দেখা গেছে রাস্তার খুবই বেহাল অবস্থা। প্রকাশ, এলাকাবাসীর দাবীর মুখে গোড়াই-সখীপুর পর্যন্ত ২৭ কিলোমিটার রাস্তা প্রশস্তকরণসহ নির্মাণের জন্য যোগাযোগ মন্ত্রণালয় ২০১১ সালে ২৯ কোটি টাকা বরাদ্দ প্রদান করেন। কিন্তু নানা জটিলতার কারণে অর্থছাড় বিলম্ব হওয়ায় নির্মাণ কাজ অনিশ্চিত হয়ে পড়েছিল। ঠিকাদারের লোকজন জানিয়েছে, এ পর্যন্ত যে কাজ হয়েছে সে কাজের টাকাই পাওয়া যাচ্ছে না । বিল পেতে তাদের নানাভাবে হয়রানির শিকার হতে হচ্ছে।