সংবাদ সংক্ষেপ

আপডেট : ৩০ মে ২০১৩, ২১:৩৩
জীবননগর উপজেলা পরিষদের বাজেট ঘোষণা জীবননগর (চুয়াডাঙ্গা) সংবাদদাতা\ বুধবার জীবননগর উপজেলা পরিষদের ২০১৩-২০১৪ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে। উপজেলা পরিষদ হলরুমে ইউএনও সাজেদুর রহমান ৩ কোটি ১১ লক্ষ ৯০ হাজার ৬০৮ টাকার উন্মুক্ত এ বাজেট ঘোষণা করেন। উপজেলা চেয়ারম্যান গোলাম মোর্তূজার সভাপতিত্বে অধিবেশনে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য আলী আজগার টগর। সিরাজগঞ্জে ২ মাদকসেবির কারাদণ্ড সিরাজগঞ্জ প্রতিনিধি\ সিরাজগঞ্জে মাদক সেবনের দায়ে ২ জনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্তরা হলো—সিরাজগঞ্জ পৌর এলাকার মাছুমপুর মহল্লার আব্দুল খালেকের পুত্র সাইফুল ইসলাম (২৬), রামগাঁতী এলাকার মজিবর সেখের পুত্র শওকত হোসেন (৪৮)। বুধবার সকালে সিরাজগঞ্জ সদর থানার এস.আই আলমগীর হোসেন সিরাজগঞ্জ মৌসুমী সিনেমা হল এলাকা থেকে গাঁজাসেবনকালে তাদের আটক করে। পীরগঞ্জে উপবৃত্তি শীর্ষক সেমিনার পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি\ পীরগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে ‘প্রাথমিক শিক্ষার জন্য উপবৃত্তি’ শীর্ষক সেমিনার উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা নির্বাহী অফিসার শাব্বীর আহম্মেদের সভাপতিত্বে উদ্বোধনী পর্বে প্রধান অতিথি ছিলেন ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য হাফিজ উদ্দিন আহাম্মেদ। শিবগঞ্জে মাতৃস্বাস্থ্য সেবা উন্নয়ন কর্মশালা শিবগঞ্জ (চাঁপাই নবাবগঞ্জ)সংবাদদাতা\ বুধবার শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দিনব্যাপী মাতৃস্বাস্থ্য সেবা উন্নয়নে করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার খন্দকার ফরহাদ আহাম্মেদের সভাপতিত্বে কর্মশালায় উপজেলা শিক্ষা অফিসার, পরিবার পরিকল্পনা অফিসার, থানা স্বাস্থ্য অফিসার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যানসহ ১৫টি ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বাররা অংশ নেন। আলিনগর ইউপি’র বাজেট পেশ গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা\ গোমস্তাপুর উপজেলার আলিনগর ইউপি’র ২০১৩-১৪ অর্থবছরের ৭৪ লাখ ৪৫ হাজার ২৮৬ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। বুধবার বিকেলে আলিনগর বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে এ বাজেট পেশ করেন ইউপি সচিব মুখলেসুর রহমান। নান্দাইলের আচারগাঁও ইউপির বাজেট ঘোষণা নান্দাইল (ময়মনসিংহ) সংবাদদাতা\ নান্দাইল উপজেলার ৯নং আচারগাঁও ইউনিয়ন পরিষদের বাজেট ঘোষণা করা হয়েছে। বুধবার ইউনিয়ন পরিষদ চত্বরে বাজেট অধিবেশন উপলক্ষে উন্মুক্ত সভার আয়োজন করা হয়। ওই সভায় বাজেট ঘোষণা করেন আচারগাঁও ইউপি চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম রেনু। রানা প্লাজায় নিহতদের পরিবারে ফারিয়ার অনুদান সৈয়দপুর (নীলফামারী ) সংবাদদাতা\ মানুষ মানুষের জন্য এ কঠিন সত্য কথাটিকে আবার উপলব্ধিতে নিয়ে সাভারের রানা প্লাজা ধসে সৈয়দপুর ও আশেপাশের এলাকার হতাহত ৫ জনের পরিবারের পাশে আর্থিক সহায়তার হাত বাড়ালো সৈয়দপুরে কর্মরত ওষুধ কোম্পানির প্রতিনিধিগণের স্থানীয় সংগঠন ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভস এসোসিয়েশন (লোকাল ফারিয়া)। সংগঠনটির উদ্যোগে এখানকার নিহত ৪ জন ও আহত একজন গার্মেন্টস কর্মীর পরিবারকে ৪৫ হাজার টাকা অনুদান দেয়া হয়েছে। দিনাজপুরে স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স স্টাফ রিপোর্টার, দিনাজপুর \ দীক্ষা গ্রহণের মধ্যে দিয়ে শেষ হলো ৫ দিনব্যাপী ১৯তম স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স। দিনাজপুর চেহেলগাজী শিক্ষা নিকেতন স্কুল এন্ড কলেজ ক্যাম্পাসে এক অনাড়ম্বর দীক্ষা গ্রহণ অনুষ্ঠানে ৪০ জন প্রশিক্ষণার্থীকে এ দীক্ষা গত বুধবার শেষ হয়। রাজবাড়ীতে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি রাজবাড়ী প্রতিনিধি \ “রক্তদিন জীবন বাঁচান” এবং “প্রসূতি মায়ের যত্ন নিন, মাতৃ মৃত্যু রোধ করুন”-এ প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার নিরাপদ মাতৃত্ব দিবস উপলক্ষে রাজবাড়ী সদর হাসপাতালে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন করা হয়েছে। সরকারী স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে এবং ব্র্যাক, স্বাস্থ্য, পুষ্টি ও জনসংখ্যা কর্মসূচির সহযোগিতায় এ কর্মসূচির উদ্বোধন করেন রাজবাড়ীর ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ রহিম বক্স। পাটগ্রাম পৌরসভার বাজেট ঘোষণা পাটগ্রাম (লালমনিরহাট) সংবাদদাতা\ লালমনিরহাট জেলার পাটগ্রাম পৌরসভার ২০১৩-২০১৪ অর্থ বছরের ১২ কোটি ৪৭ লাখ ৪৭ হাজার ৪ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। পৌর হলরুমে বাজেট ঘোষণা করেন পৌর মেয়র শমসের আলী। এ সময় উপস্থিত ছিলেন শিক্ষাবিদ প্রফেসর আলী আবু আইয়ুব প্রধান, বাজেট বিশ্লেষক রতন কুমার সাহা, পৌর নির্বাহী প্রকৌশলী তারিক রেজা, সচিব আশাদুজ্জামান, পৌর কাউন্সিলর, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ। রামগঞ্জে মেয়র ও ব্যবসায়ীদের মতবিনিময় রামগঞ্জ (লক্ষ্মীপুর) সংবাদদাতা\ লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌর মেয়রের সাথে বাজার ব্যবসায়ীদের মতবিনিময় বুধবার বিকেলে জিয়া শপিং কমপ্লেক্স অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোঃ আকবর হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন রামগঞ্জ পৌরসভা মেয়র বেলাল আহম্মেদ। এ সময় বক্তব্য রাখেন, কমিটির সম্পাদক আকবর হোসেন সেলিম, যুগ্ম সম্পাদক মোঃ রায়হান হোসেন পাটোয়ারী, মোঃ সেলিম রেজা, মোঃ হোসেন আহাম্মদ, মফিজ মাষ্টার, হেদায়েত উল্যা প্রমুখ। কাহালুতে উপবৃত্তি বিষয়ক কর্মশিবির কাহালু (বগুড়া) সংবাদদাতা\ গতকাল বৃহস্পতিবার বগুড়ার কাহালু উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে প্রাথমিক শিক্ষার জন্য উপবৃত্তি প্রকল্পের অধীনে ১ দিনের এক কর্মশিবির অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে কর্মশিবিরের উদ্বোধন করেন কাহালু উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা তায়েব আলী। কাহালু উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাছিম আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল করিম আকন্দ, উপজেলা শিক্ষা অফিসার আব্দুল লতিফ মোল্লা, জেলা উপবৃত্তি মনিটরিং অফিসার এনামুল হক। মুজিবনগরে শিশু ও নারী বিষয়ক এডভোকেসি মেহেরপুর প্রতিনিধি\ আত্মবিশ্বাস মুজিবনগর অফিসের আয়োজনে শিশু ও নারী অধিকার বিষয়ক এডভোকেসি কর্মসূচির উপর এডভোকেসি সভা ও মা সমাবেশ অনুষ্ঠিত হয়। গতকাল বৃহস্পতিবার মুজিবনগর মাধ্যমিক বিদ্যালয় হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সমাজসেবক আবুল কাশেম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোকতার হোসেন, স্বাগত বক্তব্য রাখেন প্রকল্প সমন্বয়কারী শাহেদ হাসান হালিম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুজিবনগর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইজারুল ইসলাম। গোপালগঞ্জে ট্রাক চাপায় পুণ্যার্থী নিহত গোপালগঞ্জ প্রতিনিধি\ গোপালগঞ্জে ট্রাক চাপায় বিনিতা মন্ডল ( ২৫) নামে এক পুণ্যার্থী নিহত হয়েছে। বুধবার ভোররাত ৪টার দিকে গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের গোপালগঞ্জ সদর উপজেলার ভেন্নাবাড়ি নামকস্থানে এ ঘটনা ঘটেছে। নিহত বিনিতা মন্ডল পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার চাঁদকাঠী গ্রামের দুলাল মন্ডলের স্ত্রী। গোপালগঞ্জ সদর উপজেলার বৌলতলী পুলিশ ফাঁড়ির এস.আই সুমন ভক্ত জানান, মাদারীপুর জেলার কদমবাড়ী মহামানব গনেশ পাগলের আশ্রমের কুম্ভ মেলা শেষে বিনিতা ভেন্নাবাড়ী আসেন। সেখানে গাড়ির জন্য অপেক্ষা করার সময় মংলা থেকে ছেড়ে আসা টেকেহাটগামী সিমেন্ট বোঝাই ট্রাক রাস্তা ভেঙ্গে উল্টে যায়। ট্রাকের নিচে চাপা পড়ে ওই পুণ্যার্থী ঘটনাস্থলেই মারা যায়। করিমগঞ্জে উপবৃত্তি প্রকল্পের সভা করিমগঞ্জ(কিশোরগঞ্জ)সংবাদদাতা \ গতকাল বৃহস্পতিবার সকালে করিমগঞ্জে প্রাথমিক শিক্ষার জন্য উপবৃত্তি প্রকল্পের আওতায় প্রশিক্ষণ ও সামাজিক উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন করিমগঞ্জ উপজেলা চেয়ারম্যান মোঃ জনাব আলী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ গোলাম মোওলা ,উপজেলা ভাইস চেয়ারম্যান লুত্ফুর রহমান চান মিয়া, রুপন রানী সরকার। জগন্নাথপুরে ডিজিটাল পদ্ধতিতে বাজেট পেশ জগন্নাথপুর (সুনামগঞ্জ) সংবাদদাতা \ জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের বাজেট ডিজিটাল পদ্ধতিতে ঘোষণা করা হয়েছে। বুধবার বিকেলে পরিষদ প্রাঙ্গণে মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে প্রথমবারের মতো জনসম্মুখে ২০১৩-২০১৪ অর্থ বছরের জন্য ১ কোটি ২ লক্ষ ৪ হাজার ১শ’ ৩৪ টাকার বাজেট পেশ করেন ইউপি চেয়ারম্যান মজলুল হক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আকমল হোসেন, ভাইস চেয়ারম্যান মুক্তাদির আহমদ মুক্তা, প্রধান শিক্ষক আব্দুস সামাদ। বাজেট পেশ অনুষ্ঠান সঞ্চালনা করেন কেয়ার বাংলাদেশের উপজেলা ব্যবস্থাপক লায়লা বেগম। ঠাকুরগাঁওয়ে ব্যবসায়ীদের প্রতিবাদ সভা ঠাকুরগাঁও প্রতিনিধি \ খোয়াজা গিনি হাউজে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় অবিলম্বে লুণ্ঠিত মালামাল উদ্ধার ও ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবিতে ঠাকুরগাঁও জেলার সকল ব্যবসায়ীরা প্রতিবাদ সভা করেছে। বৃহস্পতিবার সকাল ১১টায় ঠাকুরগাঁও শহরের প্রাণকেন্দ্র চৌরাস্তায় ঠাকুরগাঁও জেলা ব্যবসায়ী সংগঠক ঐক্যপরিষদের আয়োজনে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন, ঠাকুরগাঁও জেলা ব্যবসায়ী সমিতির সভাপতি শামসুজ্জামান, সাধারণ সম্পাদক বুলু, ব্যবসায়ী সমিতির উপদেষ্টা পৌর মেয়র এসএমএ মঈন, ঠাকুরগাঁও চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সহ-সভাপতি মুরাদ হোসেন।