বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে টানা বর্ষণে উপকূলীয় জেলা সাতক্ষীরা, পটুয়াখালী, ভোলা, পিরোজপুর, বরগুনা, নোয়াখালী ও কক্সবাজারের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ঘূর্ণিঝড় মহাসেনের কারণে আগে থেকেই এসব এলাকায় জলাবদ্ধতা ছিল। এর প্রভাব কাটতে না কাটতেই আবারো বৃষ্টিপাত শুরু হওয়ায় নতুন করে অনেক এলাকা তলিয়ে গেছে। মাছ ভেসে গেছে অসংখ্য ঘের, পুকুরের। পূর্ণিমার কারণে প্রবল জোয়ারে অনেক স্থানে বেড়িবাঁধ ভেঙ্গে নদী ও সাগরের পানি ঢুকে পড়ায় হাজার হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। সংশ্লিষ্ট এলাকায় আউশ ও রবি শস্যের ব্যাপক ক্ষতির আশঙ্কা করছে কৃষি বিভাগ।
আমাদের সাতক্ষীরা প্রতিনিধি জানিয়েছেন, নিম্নচাপের প্রভাবে প্রায় ৩৬ ঘণ্টা ধরে সাতক্ষীরায় অবিরাম বর্ষণ চলছে। পানিতে কয়েকশ চিংড়ি ঘের ডুবে গেছে। মারাত্মক ঝুঁকির মধ্যে আছে শত শত কাঁচা ঘরবাড়ি ও পানি উন্নয়ন বোর্ডের ভাঙ্গনকবলিত বেড়িবাঁধগুলো। জেলার গাবুরা, মুন্সিগঞ্জ, পদ্মপুকুর ও অন্যান্য অঞ্চলের কয়েকশ’ চিংড়ি ঘের বৃষ্টির পানিতে ডুবে গেছে। বহু কাঁচা ঘর-বাড়ি ধসে পড়ায় দরিদ্র পরিবারগুলো ভোগান্তিতে পড়েছে।
আমাদের পটুয়াখালী প্রতিনিধি জানান, জেলার পাঁচ উপজেলার ১৯ হাজার ঘের, দীঘি, পুকুরের মাছ বৃষ্টি ও জোয়ারের পানিতে ভেসে গেছে। মত্স্য চাষীরা হাহাকার করছেন। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে কলাপাড়া উপজেলায়। উপজেলা মত্স্য কর্মকর্তা শরীফুল ইসলাম আকন্দ জানান, দুই দিনের টানা বর্ষণে উপজেলার লালুয়া, লতাচাপলী ও মহিপুর এলাকার বিধ্বস্ত বেড়িবাঁধ দিয়ে পানি প্রবেশ করে। নীলগঞ্জ এলাকার ৯৯ ভাগ ঘের ও পুকুর প্লাবিত হয়েছে।
পটুয়াখালীর দুমকি প্রতিনিধি জানিয়েছেন, ঘূর্ণিঝড় মহাসেন পরবর্তী প্রবল বৃষ্টিপাতে পাউবোর বেড়িবাঁধ ভেঙ্গে জোয়ারের পানি ঢুকে এলাকার অধিকাংশ ফসলী জমিসহ অনেক বসতবাড়ি ডুবে গেছে । আউশ ও রবি ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।
গলাচিপা (পটুয়াখালী ) সংবাদদাতা জানান, গলাচিপা ও রাঙ্গাবালী উপজেলার বেড়িবাঁধ ভেঙে ছয়টি গ্রাম পানিতে প্লাবিত হয়েছে। পাঁচ শতাধিক পুকুর ও ঘেরের মাছ ভেসে গেছে। এছাড়া বেড়িবাঁধ বিহীন অর্ধশত ছোট-বড় চর ৩/৪ ফুট পানির নিচে তলিয়ে রয়েছে।
পিরোজপুর অফিস জানায়, জেলার নদ-নদীতে অস্বাভাবিকভাবে পানি বৃদ্ধি পাওয়ায় কয়েকটি উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে হাজার হাজার মানুষ। গত শুক্রবার থেকে অবিরাম বৃষ্টি ও পূর্ণিমার জোয়ারের কারণে পানি বৃদ্ধি পাওয়ায় নদী তীরবর্তী প্রায় অর্ধশত গ্রাম প্লাবিত হয়েছে। আউশ রোপা বীজ নিমজ্জিত রয়েছে, ক্ষতি হয়েছে রবি শস্যের। পানিতে ভেসে গেছে অসংখ্য মত্স্য ঘের। উপজেলার বলেশ্বর, কচা ও কালিগঙ্গা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় আতঙ্কে রয়েছে নদ-নদী তীরবর্তী এলাকার মানুষ। কচা ও পোনা নদীর জোয়ারে ভান্ডারিয়ার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। মঙ্গল ও বুধবার পোনা নদী তীরবর্তী ভান্ডারিয়া উপজেলা শহরের পশ্চিম বন্দর ২/৩ ফুট পানিতে তলিয়ে যায়। এছাড়া কঁচা নদী তীরবর্তী নদমুলা ইউনিয়নের নদমূলা, হেতালিয়া, দারুলহুদা ও বোতলা গ্রাম জলমগ্ন হয়ে পড়েছে। প্রবল জোয়ার ও স্রোতের চাপে কচা নদী তীরবর্তী চরখালী থেকে নদমুলা এলাকায় নদী ভাঙ্গনের তীব্রতা বৃদ্ধি পাচ্ছে। মঠবাড়িয়া উপজেলা শহরের দক্ষিণ বন্দরে বলেশ্বর নদীর অস্বাভাবিক জোয়ারে প্লাবিত হয়েছে পৌর শহরের কয়েকটি এলাকা। বাঁধ ভেঙ্গে অনেক গ্রাম ডুবে গেছে।
নাজিরপুর (পিরোজপুর) সংবাদদাতা জানান, উপজেলায় গত দুইদিনের বৃষ্টিতে বেশীরভাগ নদী থেকে ফসলী জমিতে পানি ঢুকতে শুরু করেছে। উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হুমায়রা সিদ্দিকা জানান, এক হাজার ৭৩১ হেক্টর জমির আউশ ও ২৭৫ হেক্টর জমির রোপা আমন পানিতে তলিয়ে গেছে।
কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা জানান, কাউখালীতে অবিরাম ভারি বর্ষণ ও সন্ধ্যা, কঁচা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় নদীর তীরবর্তী নিম্নাঞ্চলসহ বন্দরের অধিকাংশ এলাকা প্লাবিত হয়েছে। জোয়ারে পানিবন্দি হয়ে পড়েছেন উপজেলার কয়েকটি ২৫ গ্রামের সহস্রাধিক মানুষ।
স্বরূপকাঠি (পিরোজপুর) সংবাদদাতা জানান, সন্ধ্যা নদীতে ব্যাপকভাবে পানি বৃদ্ধি পাওয়ায় স্বরূপকাঠি উপজেলার বিস্তীর্ণ এলাকা প্ল¬াবিত হয়েছে। উপজেলার গগন, ডুবি, চামীসহ বিভিন্ন গ্রামের নিচু এলাকা ডুবে যাওয়ায় বহু কাঁচা ঘরবাড়িতে পানি ঢুকেছে।
পাথরঘাটা (বরগুনা) সংবাদদাতা জানান, পাথরঘাটার বিষখালী ও বলেশ্বর নদের তীরবর্তী একাধিক স্থানের বেড়িবাঁধ ভেঙ্গে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এসব এলাকার ১৫ কিলোমিটার বেড়িবাঁধ অনেক আগেই নদীগর্ভে বিলীন হয়ে গেছে। সমপ্রতি ঘূর্ণিঝড় মহাসেনের আঘাতে বেড়িবাঁধের বিদ্যমান অংশও ক্ষতিগ্রস্ত হয়। লবণাক্ত পানি ঢুকে পড়ায় চলতি মৌসুমে উপজেলার ৪ হাজার হেক্টর জমিতে আউশ ধান আবাদের লক্ষ্যমাত্রা ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। পাথরঘাটা কৃষি অফিসের উপ-সহকারী কৃষি কর্মকর্তা আবদুল হাকিম জানান, লবণাক্ত পানি ঢুকে বীজতলায় গজানো ৪ থেকে ৬ ইঞ্চি উচ্চতার চারা নষ্ট হয়ে গেছে।
ভোলা উত্তর প্রতিনিধি জানান, গতকাল রাতে লালমোহন উপজেলার ধলিগৌরনগর ইউনিয়নের মেঘনা পাড়ের বেড়িবাঁধের ৩০০ মিটার এলাকা ভেঙ্গে গেলে পানি ঢুকে সাতটি গ্রাম জলমগ্ন হয়ে পড়ে। গ্রামগুলো হচ্ছে কালামবুল্লাহ, কুন্ডেরহাওলা, চতলা, কুমারখালী, চর উদয়কালী, ফরিদাবাদ আংশিক এবং লর্ড হার্ডিঞ্জ এর অংশ বিশেষ।
চরফ্যাশন (ভোলা) সংবাদদাতা জানান, রিং বাঁধ ভেঙ্গে যাওয়ায় চরফ্যাশনের মূল ভূখন্ড থেকে বেতুয়া লঞ্চঘাট বিচ্ছিন্ন হয়ে গেছে।
টেকনাফ (কক্সবাজার) সংবাদদাতা জানান, বিধ্বস্ত বেড়ীবাঁধ দিয়ে সাগরের লোণা পানি ঢুকে শাহপরীর দ্বীপ ও সাবরাংয়ের প্রায় ৩০ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। অনেকে বসত বাড়ি ছেড়ে টেকনাফসহ বিভিন্ন স্থানে আশ্রয় নিয়েছে। সেন্টমার্টিন দ্বীপের সাবেক ইউপি চেয়ারম্যান ফিরোজ আহমেদের উদ্ধৃতি দিয়ে তিনি আরও জানিয়েছেন, দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনের চতুর্দিকে হঠাত্ ভয়াবহ ভাঙ্গন দেখা দেয়ায় দ্বীপে বসবাসকারীরা আতংকিত হয়ে পড়েছেন।
নোয়াখালী প্রতিনিধি জানিয়েছেন, গত কয়েক দিনের টানা বর্ষণে জেলার চরাঞ্চলের রবি ফসলের মাঠ পানিতে তলিয়ে গেছে। এতে সয়াবিন, চিনা বাদাম, মরিচ, ঢেঁড়স ও গ্রীষ্মকালীন শাক-সবজির ব্যাপক ক্ষতি হয়েছে।
গোপালগঞ্জ প্রতিনিধি জানান, গোপালগঞ্জে অব্যাহত বর্ষণে নিচু এলাকা প্লাবিত হয়েছে। উঠতি ইরি বোরো, তিল, মুগ, বাদাম ও সবজির ব্যাপক ক্ষতি হয়েছে। ভেসে গেছে পুকুরের মাছ। কখনো মুষলধারে কখনো থেমে থেমে বৃষ্টিতে কৃষকের মাড়াই করা ধান পচে নষ্ট হচ্ছে।
আমাদের বাগেরহাট প্রতিনিধি জানিয়েছেন, ভৈরব নদে পানি বৃদ্ধি পাওয়ায় শহরের বিভিন্ন এলাকায় জোয়ারের পানি ঢুকে পড়েছে। নদী তীরবর্তী পাঙ্গাসীয়া, জোলাগাতি, সুবিদপুর, সোনাকুর, আশোয়া, বাশুরী, রঘুনাথপুর, বেকুটিয়া, জয়কুল, ডুমজুরি, জোলাগাতি, সোনাকুর, গ্রামসহ বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হওয়ার খবর পাওয়া গেছে। বন্দরে পানি প্রবেশ করায় ব্যবসায়ীরা আতঙ্কে রয়েছেন।
