চার সিটি নির্বাচনের পর সহিংসতার আশংকা

আপডেট : ৩০ মে ২০১৩, ২২:৪৫
রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেট সিটি করপোরেশনে নির্বাচনের ফল প্রকাশের পর সহিংসতার আশংকা করছে আইন-শৃঙ্খলা বাহিনী। গতকাল বৃহস্পতিবার নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে আইন-শৃঙ্খলা বাহিনী জানায়, তাদের কাছে তথ্য রয়েছে নির্বাচনে পরাজিত পক্ষ নাশকতা ও অপতত্পরতা চালাতে পারে। বৈঠকে এ ধরনের তথ্য উপস্থাপনের পর আইন-শৃঙ্খলা বাহিনীসহ নির্বাচনী কর্মকর্তাদের সতর্কমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে ইসি। শেরেবাংলা নগরে জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সম্মেলন কক্ষে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধান ও নির্বাচন সংশ্লিষ্টদের সঙ্গে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে গোয়েন্দা সংস্থার এক প্রতিনিধি শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে পুুলিশের অভিযান নিয়ে যাতে কেউ কোন প্রচারণা চালাতে না পারে সে বিষয়ে কমিশনের পদক্ষেপ কামনা করেছেন। বৈঠক শেষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমেদ বলেন, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করলে কাউকে ছাড় দেয়া হবে না। নির্বাচনী এলাকাগুলোতে আইন-শৃঙ্খলা রক্ষায় বিজিবি, র্যাব, পুলিশ, কোস্টগার্ড মোতায়েন করা হবে। সেনা মোতায়েন সম্পর্কে কাজী রকিব বলেন, সেনা মোতায়েনের মতো কোন পরিস্থিতি সৃষ্টি হয়নি। কমিশনের কাছে এখন পর্যন্ত সেনা মোতায়েনের ব্যাপারে লিখিত কোন দাবি আসেনি। তবে উপকূল এলাকা হওয়ায় খুলনা ও বরিশাল সিটি করপোরেশন এলাকায় অতিরিক্ত ফোর্স হিসেবে কোস্টগার্ড মোতায়েন করা হবে। প্রত্যেক সিটিতে ভোটার সংখ্যা ও এলাকার আয়তন অনুযায়ী বিজিবি মোতায়েন রাখার কথা বলেন তিনি। বৈঠক সূত্রে জানা গেছে, ইমামগণ যাতে নির্বাচনী প্রচারণায় অংশ না নিতে পারে সে জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নির্বাচন কমিশনকে সতর্ক থাকার অনুরোধ করেন। বৈঠকে আইন-শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কমিশনকে সবধরনের সহযোগিতা করার আশ্বাস দেয়া হয়। সিইসি কাজী রকিবউদ্দীন আহমেদের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আবু হাফিজ, ব্রিগেডিয়ার (অব.) মো. জাবেদ আলী, মো. শাহ নেওয়াজ, ইসি সচিবালয়ের সচিব ড. মোহাম্মদ সাদিকসহ কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এছাড়াও আইন-শৃঙ্খলা বাহিনীর পক্ষে পুলিশের আইজি হাসান মাহমুদ খন্দকার, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মইনউদ্দিন খন্দকার, এসবির অতিরিক্ত আইজি মোহাম্মদ জাবেদ পাটোয়ারি, র্যাবের ডিজি মোখলেছুর রহমান, বিজিবির উপ-মহাপরিচালক কর্নেল ওবায়দুল আহসান, আনসার ভিডিপির পরিচালক পবিত্র কুমার সাহাসহ গোয়েন্দা সংস্থার কর্মকর্তা, কোস্টগার্ড প্রতিনিধি, বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনাররা উপস্থিত ছিলেন।