ট্রাক মালিকের কাছে ঘুষ দাবি করায় গত বুধবার সন্ধ্যায় বগুড়া সদর থানার উপ-সহকারী পরিদর্শক (এএসআই ) অসিত কুমার সরকারকে পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে। তিনি বগুড়া সদর থানার ওসির ‘আদায়কারী’ হিসাবেও পরিচিত। বগুড়ার সহকারী পুলিশ সুপার (সদর) গাজীউর রহমান জানান, তাকে বিধি অনুযায়ী পুলিশ লাইনে নেয়া হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সদর উপজেলার গোকুলে সবুজ নার্সারির মালিক ও শিবগঞ্জ এম এইচ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল মান্নানের ছেলে আবুল হোসেন তিতাসের একটি ট্রাক গত ১১ মে চুরি হয়। এ ঘটনায় করা মামলার তদন্ত করার দায়িত্ব সদর থানার এএসআই অসিত কুমারকে দেয়া হয়। পরে দিনাজপুর থেকে গত ২৬ মে চুরি যাওয়া ট্রাকটি পুলিশ উদ্ধার করে। ট্রাকটি ফিরে পেতে মালিকপক্ষ এএসআই অসিত কুমারের সঙ্গে যোগাযোগ করলে তিনি বিভিন্ন অজুহাত দেখিয়ে ঘুষ দাবি করেন। বিষয়টি প্রথমে ট্রাক মালিক সদর থানার ওসিকে জানালেও তিনি কোন ব্যবস্থা গ্রহণ করেননি। তারপর বগুড়ার পুলিশ সুপারের কাছে অভিযোগ করা হলে তিনি এএসআই অসিতকে পুলিশ লাইনে প্রত্যাহার করে নেন।
