পদ্মা সেতু মামলার চূড়ান্ত শুনানির দিনক্ষণ ধার্যের প্রথম দিন মোহাম্মদ ইসমাইল এবং তার আইনজীবী ক্যাথরিন ওয়েল উপস্থিত ছিলেন না। তবে অপর আসামি রমেশ শাহ ও তার আইনজীবী ডেভিড বি. কাজিন্স উপস্থিত ছিলেন।
২৯ মে স্থানীয় সময় সকালে টরন্টোস্থ প্রাদেশিক সর্বোচ্চ কোর্ট অন্টারিও সুপিরিয়র কোর্ট অব জাস্টিসের ম্যাডাম জাস্টিস ম্যাকওয়াটের আদালতে পদ্মা সেতুর দুর্নীতি মামলায় ‘করাপশন অব ফরেন অফিসিয়াল অ্যাক্ট’-এর অধীনে বিচারাধীন ঐ দুই আসামির উপস্থিত হওয়ার নির্দেশ ছিল। উল্লেখ্য, ফেডারেল প্লি কোর্ট অন্টারিও কোর্ট অব জাস্টিসে বিচারপতি ম্যালকম ম্যাকলয়েডের আদালতে গত ৮-১৯ এপ্রিল প্রাথমিক শুনানিতে তাদের চূড়ান্ত শুনানির বিষয় নির্ধারিত হয়। পরবর্তী শুনানির চূড়ান্ত দিনক্ষণের বিষয়টি ফয়সালার জন্য অন্টারিও সুপিরিয়র কোর্ট অব জাস্টিসে স্থানান্তরিত হয় এবং সেখানে আসামিদ্বয়কে সশরীরে উপস্থিত থাকার নির্দেশ দেয়া হয়। ফলে উভয় আসামির জন্য মামলাটির ক্ষেত্রে এটর্নি জেনারেল অব কানাডার পক্ষে ক্রাউন প্রসিকিউটর তানিট জিলিয়াম ম্যাডাম জাস্টিস ম্যাকওয়াটের কোর্টে চূড়ান্ত শুনানি হয় এবং পরবর্তী দিনক্ষণ নির্ধারণ করা হয় চলতি বছরের ১০ জুলাই। প্রি-ট্রায়ালের বিচারপতি তা অনুমোদন দেন। তবে শর্ত আরোপ করে ম্যাডাম জাস্টিস ম্যাকওয়াট বলেন, আসামি মোহাম্মদ ইসমাইল সেদিন উপস্থিত হতে না পারলে ‘ডিসক্রিয়েশনারি বেঞ্চ কোর্ট ওয়ারেন্ট’-এর মাধ্যমে আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হবে।
এদিকে পদ্মা সেতু দুর্নীতি মামলায় তদন্তের স্বার্থে দুদকের আইন উপদেষ্টা অ্যাডভোকেট আনিসুল হক ও উপ-পরিচালক মীর্জা জাহিদুল আলম কানাডা সফর করে ২৩ মে শূন্য হাতে স্বদেশে ফিরে যান। কারণ, তারা আরসিএমপির মামলার তিন আসামি কানাডীয় প্রকৌশলী প্রতিষ্ঠান এসএনসি লাভালিনের ভাইস প্রেসিডেন্ট কেভিন ওয়ালেস, আন্তর্জাতিক প্রকল্প বিভাগের সাবেক ভাইস প্রেসিডেন্ট রমেশ শাহ এবং সাবেক পরিচালক মোহাম্মদ ইসমাইলকে জিজ্ঞাসাবাদ, রমেশের ডায়েরির অনুলিপি সংগ্রহ, কানাডার আদালতে বিচারাধীন মামলার তথ্য-উপাত্ত সংগ্রহ এবং কানাডিয়ান পুলিশের তথ্য সংগ্রহ করতে পারেননি বলে বিশ্বস্ত সূত্রে প্রকাশ।
