আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে আর কোনো কথা বলতে চাই না। তাকে অনেক প্রিভিলেজ দেয়া হয়েছে। তার যা প্রাপ্য তা থেকে তাকে বেশীই দেয়া হয়ে গেছে। এখন আইন তার নিজস্ব গতিতে চলবে।
গতকাল বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির বৈঠকে তিনি এসব কথা বলেন।
এ সময় ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী বলেন, আগামী মাসে রাজধানীতে সুধী সমাবেশ করবে আওয়ামী লীগ। জুনের প্রথম সপ্তাহ থেকে ঢাকার প্রতিটি থানায় এই সমাবেশ শুরু হবে, মাসব্যাপী চলবে। সরকারি নিষেধাজ্ঞার মধ্যে কিভাবে এসব সমাবেশ হবে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মোফাজ্জল হোসেন চৌধুরী বলেন, অনুমতি নিয়েই সুধী সমাবেশ করা হবে।
মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এমএ আজিজের সভাপতিত্বে বৈঠকে সংগঠনের সিনিয়র সহ-সভাপতি ফয়েজ উদ্দিন মিয়া, সহ-সভাপতি মুকুল চৌধুরী, যুগ্মসম্পাদক হাজী মোহাম্মদ সেলিম, সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ উপস্থিত ছিলেন।
