যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লার আপিল শুনানি শেষ করে যেতে পারেননি আপিল বিভাগের বিচারক ছিদ্দিকুর রহমান মিয়া। আপিল নিষ্পত্তির আগেই তিনি অবসরে যাচ্ছেন। গত ২৮ মার্চ বিচারপতি ছিদ্দিকুর রহমান আপিল বিভাগের বিচারক হিসেবে নিয়োগ পান। কাদের মোল্লার আপিলের শুনানি শুরু হওয়ার পর থেকে তিনি অন্য ৫ বিচারপতির সঙ্গে বিচার কার্যক্রমে অংশ নেন। আগামী রবিবার তিনি অবসরে যাচ্ছেন। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ও এটর্নি জেনারেল তাকে বিদায়ী সংবর্ধনা দিয়েছেন। সংবর্ধনায় বার সভাপতি ও সাবেক এটর্নি জেনারেল এডভোকেট এজে মোহাম্মদ আলী ও এটর্নি জেনারেল এডভোকেট মাহবুবে আলম বক্তব্য রাখেন। এসময় সুপ্রিম কোর্টের উভয় বিভাগ ও বারের আইনজীবীরা উপস্থিত ছিলেন।
বিচারপতি ছিদ্দিকুর রহমানকে উদ্দেশ্য করে এজে মোহাম্মদ আলী বলেন, আপনি বিচারিক জীবনে আইনের ওপর একশ’ ৩৫টির বেশি বই লিখেছেন। সাড়ে তিন শতাধিক রায় দিয়েছেন। আপনার বিচারিক জীবন বর্ণাঢ্য। কিন্তু শেষ বেলায় এমন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মামলায় ২১ দিন শুনানি গ্রহণ করেও রায় দিয়ে যেতে পারলেন না। একারণে বিচার বিভাগ ও আমরা আপনার প্রজ্ঞা থেকে বঞ্চিত হয়েছি।
প্রসঙ্গত বর্তমানে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের ৯ জন বিচারক কর্মরত রয়েছেন। এর মধ্যে তিনিসহ ৬ জন বিচারক কাদের মোল্লার আপিলের শুনানি গ্রহণ করেছেন। প্রধান বিচারপতি এই বেঞ্চ গঠন করেছেন। আইনজীবীরা বলেছেন, আপিল বিভাগে নিয়োগ পাওয়ার পর বিচারপতি ছিদ্দিকুর রহমানের কর্মের বয়স ছিলো মাত্র দুই মাস। এ পরিস্থিতিতে যুদ্ধাপরাধীদের বিচারের জন্য গঠিত বেঞ্চে তাকে নিয়োগ দেয়া সঠিক হয়নি।
