প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বিরোধী দলের নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার দাবি আবারো নাকচ করে দিয়ে বলেছেন, বিশ্বের সংসদীয় গণতান্ত্রিক দেশগুলোর মতো বাংলাদেশেও গণতান্ত্রিক ধারাবাহিকতা অব্যাহত রেখে আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। অনির্বাচিত কেউ আর ক্ষমতায় আসতে পারবে না। অতীত অভিজ্ঞতা থেকে জাতির কাছে এটা প্রমাণিত হয়েছে যে, অনির্বাচিতদের ক্ষমতায় এনে কোন লাভ হয় না। বরং রাজনীতিবিদ থেকে শুরু করে সকল শ্রেণি-পেশার মানুষের ওপর জুলুম হয়। দেশে আর যেন ওয়ান ইলেভেন না আসতে পারে, অসাংবিধানিকভাবে কেউ যাতে ক্ষমতা দখল করতে না পারে; সেজন্য মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সকলকে সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানান তিনি। গতকাল বৃহস্পতিবার গণভবনে মাদারীপুর জেলা আওয়ামী লীগের তৃণমূল নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় সূচনা বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, গণতান্ত্রিক ধারা বজায় রাখতে অগণতান্ত্রিক শক্তি দিয়ে কাজ হয় না। গণতান্ত্রিক ধারাবাহিকতা ধরে রাখতে হলে একটি প্রক্রিয়ার মাধ্যমে যেতে হবে। তাই আগামীতে যে ইলেকশন করবো, অন্তত বাংলাদেশের ডেমোক্রেটিক ধারাবাহিকতা বজায় রাখার জন্য। তিনি বলেন, আমাদের দেশের নির্বাচন নিয়ে অনেক পরীক্ষা-নিরীক্ষা হয়েছে। তাতে দেখা গেছে, অনির্বাচিতদের অধীনে অনুষ্ঠিত নির্বাচনে জনগণ সঠিকভাবে ভোট দিতে পারেনি। সংখ্যালঘুরা ভোট কেন্দ্রে যেতে পারেনি। আওয়ামী লীগ নেতাকর্মীরা ঘরে থাকতে পারেনি। প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকারের আমলে পাঁচ হাজার ৬৪৫টি নির্বাচন হয়েছে। একটি নির্বাচন নিয়েও কেউ কোনো অভিযোগ তুলতে পারেনি।
প্রধানমন্ত্রী বলেন, ওয়ান ইলেভেনের মত পরিস্থিতি ঠেকাতে আওয়ামী লীগ নেতাকর্মীদের সক্রিয় হতে হবে। লুটেরা, জঙ্গিবাদী এবং বিদেশে অর্থ পাচারকারীরা আর যেন ক্ষমতায় আসতে না পারে সে ব্যাপারেও দেশবাসীকে সতর্ক থাকতে হবে। হেফাজতে ইসলামসহ কয়েকটি ইসলামী দলের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, যারা ধর্মে বিশ্বাস করে না, পবিত্র কোরআন শরীফ পোড়ায়, তারা আবার কিসের ইসলামের কথা বলে? তারা ইসলামের কথা বলে রাজনৈতিক ফায়দা লুটতে চায়। মানুষকে ধোঁকা দিতে চায়। এদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে দেশবাসীকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, বাংলাদেশের মাটিতে আর ধর্ম নিয়ে ধোঁকাবাজি, মানুষকে বিভ্রান্ত করতে দেয়া হবে না। তিনি বলেন, হেফাজতের সমাবেশকে ঘিরে জামায়াতের ক্যাডাররা যে তাণ্ডব চালিয়েছে তাতে কোন সন্দেহ নেই। এইচএম এরশাদও ক্যাডার পাঠিয়েছিলেন পানি খাওয়ানোর নামে।
বিরোধী দলকে ধ্বংসাত্মক কর্মসূচি পরিহার করে সংসদে আসার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এসব নৈরাজ্য পরিহার করুন, সংসদে আসুন, কথা বলুন। এবার অবশ্য সংসদে না এসেও তো উপায় নেই। সিট হারাবেন। আর সিট হারালে কি হবে তা উনি (খালেদা জিয়া) ভাল করেই জানেন। তিনি বলেন, বিএনপি-জামায়াত পরিকল্পিতভাবে সারাদেশে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের হত্যা করছে। দেশকে অস্থিতিশীল করার জন্যই তারা এ ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। খুন-খারাবি করে তারা ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছেন। এ প্রসঙ্গে কয়েকটি সংবাদপত্রের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, যাদের পরিকল্পিতভাবে হত্যা করা হচ্ছে তাদের অতিরঞ্জিত করে গডফাদার-সন্ত্রাসী বানানোর চেষ্টা করছে কিছু পত্রিকা।
প্রধানমন্ত্রী বিরোধী দলীয় নেত্রীর উদ্দেশে বলেন, আমরা নতুন নতুন রেল আনি। রেলের ওপর ওনার যত গোসসা। রেল পুড়িয়ে দিচ্ছেন। জানি না তার বাসের ব্যবসা আছে কি না। তিনি বলেন, দেশকে অচল করতে তিনি (খালেদা) সব ধরনের চেষ্টা করছেন, কিন্তু জনগণের সাড়া পাচ্ছেন না।
টেলিভিশনের টকশোর সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, আগে বেসরকারি টেলিভিশন ছিল না। ’৯৬ সালে ক্ষমতায় এসে আমরাই প্রথম বেসরকারি টেলিভিশন দেই। এবারও দিয়েছি। যত বেশি অনুমোদন দিচ্ছি তত বেশি আমাদের বিরুদ্ধে কথা বলার মানুষও বেড়ে যাচ্ছে। এক ব্যক্তিই যেন সবজান্তা। সব বিষয়েই পারদর্শী। প্রধানমন্ত্রী প্রশ্ন রেখে বলেন, আপনারা যদি এতই পারদর্শী হন তাহলে ক্ষমতায় আসলেন না কেন। রাজনৈতিক দল গঠন করেন না কেন। জনগণের কাছে যান না কেন? তিনি বলেন, যারা বড় বড় কথা বলেন, তাদের কেউ কেউ সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টাও ছিলেন। নির্বাচন দিতে ব্যর্থ হয়ে ব্যর্থতার গ্লানি নিয়ে তারা পদত্যাগও করেছিলেন। এবার তারাই আমাদের ছবক দিচ্ছেন। এ ব্যর্থ লোকদের পরামর্শ শুনলে দেশও ব্যর্থ হয়ে যাবে। তবে দেশকে আর উল্টোপথে হাঁটতে দেয়া হবে না।
একাত্তরের যুদ্ধাপরাধীদের সবচেয়ে বেশি পুনর্বাসন করেছেন জিয়াউর রহমান উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, পঁচাত্তরে বঙ্গবন্ধুকে নির্মমভাবে হত্যার পর জিয়াউর রহমান সায়েমকে হটিয়ে নিজে নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা করেন। অর্ডিন্যান্স জারি করে যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ করে দেন। এমনকি পাক হানাদার বাহিনীর এদেশীয় দোসরদের প্রধানমন্ত্রী ও মন্ত্রী পর্যন্ত বানান। জাতির পিতার হত্যাকারী রশীদ-হুদাকে বিদেশি দূতাবাসে চাকরি দিয়ে পুনর্বাসন করেন। মুক্তিযুদ্ধের ইতিহাস একে একে মুছে ফেলেন। আর এসব করা হয়েছে একাত্তরের পরাজিত শক্তিদের খুশি করার জন্য। জেনারেল এইচএম এরশাদও ক্ষমতায় থাকতে একই কাজ করেছিলেন। বিগত তত্ত্বাবধায়ক সরকারের সমালোচনা করে প্রধানমন্ত্রী আরো বলেন, ফখরুদ্দিনরা তিন মাসের জন্য ক্ষমতায় গিয়ে দুই বছর থেকে গেলেন।
প্রধানমন্ত্রীর সূচনা বক্তব্যের পর তার সভাপতিত্বে রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয়। এতে দলের মাদারীপুর জেলা-উপজেলা আওয়ামী লীগ ও মহিলা আওয়ামী লীগ নেতারা বক্তব্য রাখেন। জেলার সাংগঠনিক রিপোর্ট তুলে ধরেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহাবুদ্দিন আহমেদ মোল্লা। সভা পরিচালনা করেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন।
এ সময় দলের কেন্দ্রীয় নেতাদের মধ্যে সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা অধ্যাপক ড. আলাউদ্দিন আহমেদ, দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, আফম বাহাউদ্দিন নাছিম, শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, উপ-দপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাস প্রমুখ উপস্থিত ছিলেন।
ক্ষমতাসীন আওয়ামী লীগ ২০১১ সালের শেষ দিক থেকে দলের তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করে আসছে। এরই ধারাবাহিকতায় গতকাল মাদারীপুরের নেতাকর্মীদের সঙ্গে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। আগামীকাল শনিবার সকাল ১০টায় ফরিদপুর জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করবেন প্রধানমন্ত্রী।
সাভারের আহতদের চিকিত্সার
ব্যবস্থা করেছে সরকার
বাসস জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তার সরকার সাভারে ভবন ধসে আহত গার্মেন্টস শ্রমিকদের উন্নত চিকিত্সার প্রয়োজনীয় ব্যবস্থা করেছে। তিনি আরো বলেন, ঐ ঘটনায় নিহতদের পরিবারের সদস্যদের পাশাপাশি আহতদেরও আর্থিক সহায়তা দেয়া হচ্ছে। প্রধানমন্ত্রী বৃহস্পতিবার সকালে তার কার্যালয়ে তৃতীয় দফায় রানা প্লাজা ধসে নিহতদের ১২৫টি পরিবারের সদস্যের মাঝে তার ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে আর্থিক সহায়তার চেক বিতরণ শেষে একথা বলেন। শেখ হাসিনা বলেন, চিকিত্সকদের পরামর্শ অনুযায়ী গুরুতর আহত কয়েকজন শ্রমিককে উন্নত চিকিত্সার জন্য থাইল্যান্ড ও সিঙ্গাপুরসহ বিভিন্ন দেশে পাঠানো হবে।
তিনি বিজিএমইএ নেতাদের প্রতি তাদের সংগঠনের পক্ষ থেকে নিহতদের পরিবারের সদস্যদের আর্থিক সহায়তা প্রদানের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন। বিজিএমইএ সভাপতি আতিকুল ইসলাম প্রধানমন্ত্রীকে জানিয়েছেন যে, তারা ইতিমধ্যে ধসে পড়া রানা প্লাজার শ্রমিকদের এক মাসের বেতন ও আহতদের চিকিত্সা বাবদ ৬ কোটি টাকা দিয়েছেন।
পরে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে সাভারে নিহতদের জন্য শিল্প মন্ত্রণালয়, যোগাযোগ মন্ত্রণালয়, মন্ত্রিপরিষদ বিভাগ এবং বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান ও ব্যক্তিবর্গ তাদের অনুদানের চেক হস্তান্তর করেন। এর আগে রানা প্লাজা ধসে ক্ষতিগ্রস্তদের জন্য প্রধানমন্ত্রীর কাছে ১০০টি হুইল চেয়ার হস্তান্তর করে মধুমতি ব্যাংক লিমিটেড।
